বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা তারকা সাকিব আল হাসানের জাতীয় দলে ফেরার গুঞ্জন আপাতত থেমে গেছে। আসন্ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে জাতীয় দলে ফেরার সম্ভাবনা ছিল সাকিবের। তবে শেষ পর্যন্ত সেই প্রত্যাশা পূরণ হয়নি।
শুধু জাতীয় দলে নয়, চলতি মাসের শেষের দিকে শুরু হতে যাওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) তার অংশগ্রহণও অনিশ্চিত। দেশে ফেরা ও বিপিএলে খেলা নিয়ে তৈরি হয়েছে বড় ধোঁয়াশা। সাকিবের বিপিএল খেলা নিয়ে আজ শুক্রবার মুখ খুলেছেন চিটাগং কিংসের মালিক সামির কাদের চৌধুরী।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে সামির বলেন, 'আমিও ক্লান্ত হয়ে যাচ্ছি এই প্রশ্নের উত্তর দিতে দিতে। আনুষ্ঠানিকভাবে আমাদের কিছু জানানো হয়নি। তবে আমরা আশাবাদী সাকিব খেলতে পারবেন। আমার সঙ্গে তার সাম্প্রতিক কথোপকথনে তিনি জানিয়েছেন যে, কিছু গুজব ছড়ানো হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা।'
তবে সাকিবের বিপিএলে অংশগ্রহণ নিশ্চিত নয় বলে জানিয়ে সামির বলেন, 'উনি এখনও কিছু নিশ্চিত করেননি। ইতিবাচক বা নেতিবাচক কিছুই বলতে পারছি না। এটি পরিস্থিতির ওপর নির্ভর করছে। জাতীয় দলে না খেললেও বিপিএলে তার অংশগ্রহণ নিয়ে এখনও কোনো সুনির্দিষ্ট তথ্য পাইনি।'
সাকিব না খেললে তার বিকল্প কী হবে—এমন প্রশ্নের জবাবে সামির বলেন, 'সাকিবের অভাব পূরণ করা কঠিন। বাঁহাতি স্পিনার হিসেবে তার বিকল্প পাওয়া সহজ নয়। তবে আমরা স্থানীয় কোনো বাঁহাতি স্পিনার নিতে পারি। সবার সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেব।'
সাকিবকে নিয়ে এই ধোঁয়াশা শুধু চিটাগং কিংস নয়, তার ভক্তদের মধ্যেও উদ্বেগ তৈরি করেছে। দেশের ক্রিকেটে তার প্রত্যাবর্তন কবে এবং কীভাবে হবে, সেটি এখন সময়ই বলে দেবে।
