ঝিনাইদহ সদর উপজেলার খড়াশনির বিল থেকে খলিল মণ্ডল (৫৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের খড়াশনির গ্রামের মাঠের বিল থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত খলিল মণ্ডল ঝিনাইদহ শহরের ব্যাপারী পাড়া এলাকার মমতাজ মণ্ডলের ছেলে।
স্থানীয়রা জানায়, সকালে ওই বিলের মধ্যে একটি পুকুরে লাশ ভেসে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।
ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে সেখানে পাঠানো হয়েছে। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। এটি হত্যা নাকি স্বাভাবিক মৃত্যু তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।