ভেঙে ফেলা হচ্ছে আমির খানের অ্যাপার্টমেন্ট, কিন্তু কেন?

হঠাৎই ভেঙে ফেলা হচ্ছে আমির খানের মুম্বাইয়ের অভিজাত পালি হিলের অ্যাপার্টমেন্ট। গত বছর থেকেই শোনা যাচ্ছিল এটি ভেঙে নতুন করে নির্মাণ করা হবে। অবশেষে সেটির কাজ শুরু হলো। 

মুম্বাইয়ের অভিজাত অঞ্চল পালি হিল। সেখানেই বেলা ভিস্তা ও মারিনা নামের দুটি বিলাসবহুল আবাসনের ২৪টি ফ্ল্যাটের মধ্যে ৯টিই আমিরের। জানা গেছে, সেগুলো নতুন করে নির্মাণ করা হবে। এই পুরো বিষয়টির সঙ্গেই আমির যুক্ত রয়েছেন। তিনি এবং আরও যাদের এখানে ফ্ল্যাট রয়েছে তারা এবার ৫৫ থেকে ৬০ শতাংশ বেশি এলাকা পাবেন বসবাসের জন্য। খরচ পড়বে প্রতি বর্গ ফুটে ৮০ হাজার থেকে ১ লক্ষ ২৫ হাজার রুপি।

ওই অ্যাপার্টমেন্টগুলি চল্লিশ বছরের পুরনো। এখানে শুরু থেকেই থাকেন আমির ও তার পরিবার। প্রথমে বাকি আবাসিকদের ততটা উৎসাহ না থাকলেও পরে সকলেই রাজি হয়ে যান।

প্রসঙ্গত, আমির খানকে সর্বশেষ দেখা গেছে ‘লাল সিং চাড্ডা’। সেটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। তবে ২০২৩ সালে ‘লাপাতা লেডিজ’ ছবিটি প্রযোজনা করেছিলেন আমির। যদিও ছবিতে তিনি অভিনয় করেননি। 

এই মুহূর্তে আমির ব্যস্ত ‘তারে জামিন পর’-এর সিক্যুয়েল ‘সিতারে জামিন পর’-নিয়ে। ছবিটি মুক্তি পাবে ২০২৫ সালে। ছবিতে আমিরের বিপরীতে দেখা যাবে জেনেলিয়া দেশমুখকে। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত স্প্যানিশ ছবি ‘চ্যাম্পিয়নস’ অবলম্বনে তৈরি হবে ছবিটি।