শেখ হাসিনার সাথে বন্ধুত্ব টিকিয়ে রাখতে, আওয়ামী লীগের খুশির জন্য বাংলাদেশের ১৮ কোটি মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ভারত বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. আসাদুজ্জামান রিপন।
শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ভারতে বসে অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করতে নতুন করে দেশের মানুষের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের জন্য নানা ষড়যন্ত্র ও অপচেষ্টা চালিয়ে যাচ্ছে আওয়ামী লীগ। ফলে তৃণমূল থেকে ঐক্যবদ্ধভাবে সকল অপশক্তি রুখে দেয়ার আহ্বান জানান তিনি।
এ ছাড়া সুসময়ের দলে ভিড় করা সুবিধাবাদীদের আর কখনোই বিএনপিতে ঠাঁই হবে না জানিয়ে আসাদুজ্জামান রিপন বলেন, বিএনপির নাম ভাঙিয়ে কেউ দখলবাজি, চাঁদাবাজি কিংবা ফিটিংবাজি করলে চুল পরিমাণ ছাড় দেওয়া হবে না। ৫ আগস্ট সরকার পতনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার নতুন দিগন্তের সূচনা ঘটেছে। ফলে অতীতের মত দলীয় অপকর্ম মানুষ আর দেখতে চায় না। তাই ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের অধিকার নিশ্চিত করতে সুশাসন প্রতিষ্ঠা করা জরুরি।
তিনি আরও বলেন, শীঘ্রই তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে মানুষের গঠনতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ভোটে নির্বাচিত নতুন সরকার গঠন করা হবে।
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান বেপারির সভাপতিত্বে ও জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আতাউর রহমান খানের সঞ্চালনায় উপজেলা বিএনপি বিভিন্ন সংগঠন ও অঙ্গ সংগঠনের তৃণমূল নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
এর আগে সকাল থেকেই উৎসব মুখর পরিবেশে দলীয় নানা ব্যানার ফেস্টুন হাতে মিছিল নিয়ে এসে সভায় যোগ দেন বিএনপি নেতাকর্মীরা। পরে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির বিভিন্ন সংগঠনের প্রবীণ নেতাকর্মীরা।