বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসান আব্দুল্লাহ বলেছেন, একটা দলের প্রধান যখন পালিয়ে যায় এবং যে দলের হাতে ২ হাজার শহীদের রক্তের দাগ লেগে আছে। সেই দল পূর্ণবাসিত হবে কি হবে না, সে সিদ্ধান্ত ৫ আগস্ট হয়ে গেছে। আমাদের এ শহীদের বিচার না হওয়া পর্যন্ত এবং গুম খুনের বিচার না হওয়ার পর্যন্ত আ.লীগের পুনর্বাসন প্রাসঙ্গিক না। এখন যে প্রশ্নটি প্রাসঙ্গিক আ.লীগের আগে সুবিচার নিশ্চিত হতে হবে। গত ১৬ বছরে আ.লীগ যে সব অপরাধ করেছে আগামী ১০০ বছর তাদের কারাগার দিলেও সে বিছার শেষ হবে না।
শনিবার (৭ ডিসেম্বর) বিকেলে লাকসাম পাইলট হাই স্কুল মাঠে সংবর্ধনা অনুষ্ঠান শেষ করে যাওয়ার পথে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, শহীদদের রক্তের বিচার এবং গুম খুন হত্যার বিচার না হওয়া পর্যন্ত আ.লীগকে পুর্নবাসন করার জন্য জাতীয় পার্টি যে আলাপটি দিচ্ছে এটি একটি ফ্যাসিবাদের আরেকটি দোসর। জাতীয় পার্টির ওপর ভর করেই কিন্তু ফ্যাসিবাদ মহীরুহু হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। জাতীয় পার্টি আওয়ামী লীগের দোসর-সেটি ছাত্র নাগরিক কোনো ধরনের তোয়াক্কা করে না।
তিনি আরও বলেন, ভারতীয় গণমাধ্যমগুলো যেভাবে বিদ্বেষ ছড়ানোর জন্য অপপ্রচার চালিয়ে যাচ্ছে তার বিরুদ্ধে বাংলাদেশের গণমাধ্যমকে সচেতন ভূমিকা পালন করতে হবে। আমাদের দেশে যে কোনো হিন্দু-মুসলিম বিদ্বেষ নেই, ধর্মীয় সম্প্রীতি রয়েছে তা বেশি বেশি গণমাধ্যমে তুলে ধরতে হবে।
অনুষ্ঠানে আরও অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রিফাত রশিদ, নুসরাত তাবাসসুম, তরিকুল ইসলাম, সিনথিয়া জাহিন আয়েশা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা জেলা আহ্বায়ক মুহাম্মদ সাকিব হোসাইন।
এর আগে সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আরিফ সোহেল।