যুদ্ধ করে দেশ স্বাধীন হয়েছে কারও চোখ রাঙানি দেখার জন্য নয়: প্রিন্স

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৬ পিএম

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, যুদ্ধ করে দেশ স্বাধীন হয়েছে অন্য কোনও দেশের চোখ রাঙানি দেখার জন্য নয়। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ প্রতিবেশীসহ সকল রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব চায়, প্রভুত্ব বা আধিপত্য নয়।

আজ শনিবার বিকেলে হালুয়াঘাট মুক্ত দিবস উপলক্ষে পৌর শহরের জয়িতা মহিলা মার্কেট প্রাঙ্গণে এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আলোচনাসভার পর নাটক অনুসন্ধান মঞ্চস্থ হয়।

প্রিন্স বলেন, বাংলাদেশের জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার লক্ষ লক্ষ শহীদের রক্তে কেনা, কারো দয়ার দান নয়। বাংলাদেশের শাসন ক্ষমতার পরিবর্তন জনগণের ইচ্ছায়, অন্য কোনও দেশের ইচ্ছায় হবে না।

তিনি বলেন, বিগত ১৫ বছর আওয়ামী লীগ প্রতিবেশী দেশ ভারতের সহযোগিতায় জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার কেড়ে নিয়ে প্রহসন সৃষ্টি করেছিল। জনগণ তাদের অধিকার প্রতিষ্ঠা করতে মরণপণ সংগ্রাম করেছে। আওয়ামী লীগ জনগণের ওপর নির্মম দমন-নিপীড়ন চালিয়ে কর্তৃত্ববাদী দুঃশাসন ও ভারতের আধিপত্য বিস্তার করে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিপন্ন করেছিল।

তিনি বলেন, ছাত্র-জনতার গণবিপ্লবে ফ্যাসিস্ট হাসিনার পতন ঘটলেও প্রতিবেশী ভারত তা মেনে নিতে পারেনি। গণহত্যাকারী ফ্যসিস্ট হাসিনাকে ভারতে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এখন আবার ফ্যাসিস্ট হাসিনাকে পুনর্বাসনের জন্য অন্যায় প্রচেষ্টা চালাচ্ছে।

ময়মনসিংহ উত্তর জেলা জাসাসের সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আসলাম মিয়া বাবুল, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী, আবু হাসনাত বদরুল কবির, বীর মুক্তিযোদ্ধা কাজিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা শাহ আহমদ আলী, বীর মুক্তিযোদ্ধা হামিদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা কামাল খান, আবদুল হাই, অধ্যাপক মোফাজ্জল হোসেন, কাজী ফরিদ আহমেদ পলাশ প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত