ঢাবিতে সন্ধ্যা ৬টার পর মাইক বাজিয়ে অনুষ্ঠান নিষিদ্ধ 

শিক্ষার্থীদের দাবির মুখে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে সন্ধ্যা ৬টার পর থেকে মাইক বাজিয়ে যে কোনো অনুষ্ঠান নিষিদ্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শনিবার (৭ ডিসেম্বর) রাত ১১টার দিকে জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উচ্চস্বরে স্পীকার/মাইক/গাড়ির হর্ণ বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ। শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ বজায় রাখার লক্ষ্যে সন্ধ্যা ৬টার পর টিএসসি, স্বোপার্জিত স্বাধীনতা চত্বর, হল ও আবাসিক এলাকায় স্পীকার/মাইক ব্যবহার করে কোনো অনুষ্ঠান করা যাবে না।

এর আগে রাত ১০টা থেকে টিএসসিতে উচ্চ শব্দে গান বাজানোর প্রতিবাদে উপাচার্যের বাসভবনের সামনে গান বাজিয়ে প্রতিবাদ জানান শিক্ষার্থীরা। পরে রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও দায়িত্বশীলদের আশ্বাসে কর্মসূচি শেষ করে। এরপরই নোটিশ দিয়ে জানিয়ে দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।