আশুলিয়ায় পোশাককর্মীকে ছুরি মেরে হত্যা

সাভারের আশুলিয়ায় এক পোশাককর্মীকে  ছুরি মেরে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার নাম  শিমুল সরদার আবির (২৮)। গত শুক্রবার রাত ৯টার দিকে আশুলিয়ার ভাদাইল এলাকার দক্ষিণ পশ্চিমপাড়া মহল্লার বালুর মাঠে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তিনজনকে আটক করেছে।

নিহত শিমুল যশোরের অভয়নগর থানার লেবুগাতি এলাকার মো. মনসুর সরদারের ছেলে। তিনি জামগড়া এলাকার স্টার লিং ক্রিয়েশন নামক তৈরি পোশাক কারখানায় চাকরি করতেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার রাত ৯টার দিকে আশুলিয়ার নতুন ইপিজেডের পেছনে ভাদাইল এলাকার দক্ষিণ পশ্চিমপাড়া মহল্লার বালুর মাঠে বসে ছিলেন শিমুল। হঠাৎ কয়েক জন যুবক এসে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর অবস্থায় শিমুলকে উদ্ধার করে পাশর্^বর্তী নারী ও শিশু হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) জসিম উদ্দিন বলেন, শুক্রবার রাতে বেরন এলাকার নারী ও শিশু হাসপাতাল থেকে শিমুল নামে এক পোশাকশ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের গভীর চিহ্ন রয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করায় তাদের বিস্তারিত নাম পরিচয় জানানো যাচ্ছে না।