পাবনায় তর্কের জেরে যুবক খুন, আটক ১

পাবনায় তুচ্ছ ঘটনায় তর্কের জেরে ছুরিকাঘাতে শিমুল হোসেন (২১) নামে এক যুবক খুন হয়েছেন। গত শুক্রবার রাতে পাবনা সদর উপজেলার চরঘোষপুর গ্রামে এ ঘটনা ঘটে। এতে আরও দুজন আহত হয়েছেন। এ ঘটনায় শান্ত হোসেন (২৮) নামে একজনকে আটক করেছে পুলিশ।

নিহত শিমুল চরঘোষপুর গ্রামের শাহীন হোসেনের ছেলে। আহতরা একই এলাকার কাওসার হোসেন (১৯) ও দিসার আলী (২০)। পুলিশ জানায়, চরঘোষপুর গ্রামে ওয়াজ মাহফিলের মেলায় কয়েকজন যুবকের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তাদের মধ্যে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এ সময় তিনজন আহত হন। তাদের মধ্যে শিমুল গুরুতর আহত হন। তবে অতিরিক্ত রক্তক্ষরণে চিকিৎসা নেওয়ার আগেই তিনি মারা যান।

নিহত শিমুলের স্বজন ও বন্ধুদের সঙ্গে কথা বলে জানা যায়, জিলাপি কিনতে মাহফিলের মেলায় যান শিমুল। সেখানে কয়েকজন যুবকের মধ্যে ঝগড়া বাধলে থামানোর চেষ্টা করেন তিনি। এ সময় বখাটেরা তাকেই ছুরিকাঘাতে হত্যা করেন।

সদর থানার ওসি আবদুস সালাম জানান, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।