কবরস্থান থেকে  ২০ হাতবোমা উদ্ধার

মাদারীপুরের কালকিনিতে একটি কবরস্থান থেকে ২০টি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে কালকিনি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পাতাবালি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বালতি ভর্তি বোমা উদ্ধার করা হয়। হাতবোমাগুলো পুলিশের হেফাজতে রয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পাতাবালি এলাকার মৃত সামছুল হক বেপারীর বাড়ির পারিবারিক কবরস্থানে অভিযান চালায় থানা পুলিশের একটি দল। এ সময় জঙ্গলের ভেতরে কবরস্থানে মৃত সামছুল হক বেপারীর কবরের ওপর থেকে দুটি বালতিতে থাকা ২০টি হাতবোমা উদ্ধার করে পুলিশ। তবে কে বা কারা ওই বোমাগুলো ওখানে রেখেছে প্রাথমিকভাবে তা জানাতে পারেনি পুলিশ।

কালকিনি থানার ওসি হুমায়ুন কবীর জানান, কালকিনির পাতাবালি এলাকার একটি কবরস্থান থেকে ২০টি হাতবোমা উদ্ধার করা হয়েছে। সেগুলো দ্রুত নিষ্ক্রিয় করা হবে।