টানা ব্যর্থতার পর অবশেষে গোলের দেখা পেলেন কিলিয়ান এমবাপ্পে। জিরোনাকে ৩-০ গোলে উড়িয়ে লিগ টেবিলে বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমাল রিয়াল মাদ্রিদ। এক ম্যাচ হাতে রেখে চিরপ্রতিদ্বন্দ্বীদের সঙ্গে রিয়ালের পয়েন্ট ব্যবধান এখন ২।ক্রীড়া
শনিবার রাতে জিরোনার মাঠে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই আক্রমণ করছিল জিরোনা। এই সময় রিয়াল সেভাবে সুযোগ তৈরি করতে পারেনি। ৩৪তম মিনিটে তারা প্রথমবার শট লক্ষ্যে রাখতে পারে। বক্সের বাইরে থেকে ব্রাহিম দিয়াসের শট ঝাঁপিয়ে ঠেকান জিরোনার গোলরক্ষক। পরের মিনিটে এমবাপের প্রচেষ্টাও রুখে দেন তিনি।
৩৬তম মিনিটে জিরোনার রক্ষণের ভুলে বেলিংহ্যামের গোলে এগিয়ে যায় রিয়াল। বক্সে বল ঠিকমতো ক্লিয়ার করতে পারেনি স্বাগতিকরা। ছুটে গিয়ে জোরাল শটে জালে পাঠান বেলিংহ্যাম। ৫৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে রিয়াল। অধিনায়ক লুকা মদ্রিচের পাস মাঝমাঠে পেয়ে থ্রু বল বাড়ান বেলিংহ্যাম। বল ধরে বক্সে ঢুকে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন গিলের।
৬২তম মিনিটে স্কোরলাইন ৩-০ করেন সর্বশেষ তিন ম্যাচে দুটি পেনাল্টি মিস করা এমবাপ্পে। মদ্রিচের পাস ধরে ডান দিক দিয়ে বক্সে ঢুকে কোনাকুনি শটে বল জালে পাঠান ফরাসি তারকা। রিয়ালের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে বিশ্বকাপ জয়ী ফরোয়ার্ডের গোল হলো ১১টি।
১৬ ম্যাচে ১১ জয় ও ৩ ড্রয়ে ৩৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে রিয়াল। ১৭ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা।