বিএমডব্লিউ গাড়ি পেলেন রিয়াল ফুটবলাররা, সবচেয়ে দামিটা কার?  

আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ১২:০৯ পিএম

পরিবেশ সচেতনতা আর টেকসই ভবিষ্যতের অঙ্গীকারকে সামনে রেখে নতুন মৌসুমের বিএমডব্লিউ গাড়ি পেয়েছেন রিয়াল মাদ্রিদের ফুটবলার ও স্টাফরা। ২০২২ সালে অডির জায়গায় বিএমডব্লিউর সঙ্গে চুক্তির পর থেকে নিয়মিতই ক্লাব সদস্যদের গাড়ি সরবরাহ করা হচ্ছে, আর এবারের ৩৬ লাখ পাউন্ড মূল্যের বহরেও দৈনন্দিন অনুশীলনযাত্রায় পরিবেশবান্ধব মডেল বেছে নেওয়ার শর্তটি স্পষ্টভাবে যুক্ত রয়েছে।

সান্তিয়াগো বার্নাব্যুতে গতকাল আয়োজিত এক অনুষ্ঠানে প্রথম দলের ফুটবলার ও কোচিং স্টাফদের হাতে ২০২৬-২৭ মৌসুমের গাড়িগুলো আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়, যার সম্মিলিত আনুমানিক মূল্য দাঁড়িয়েছে ৩৬ লাখ ৬৩ হাজার ২১৭ পাউন্ড। বিএমডব্লিউর সঙ্গে রিয়াল মাদ্রিদের অংশীদারত্বের পঞ্চম এই আয়োজনে পেট্রোলচালিত, প্লাগ-ইন হাইব্রিড ও সম্পূর্ণ বৈদ্যুতিক গাড়ির বৈচিত্র্য রাখা হয়েছে, যেখানে পুরুষ ও নারী ফুটবল দলের পাশাপাশি বাস্কেটবল দল এবং সংশ্লিষ্ট স্টাফদের জন্যও গাড়ি বরাদ্দ থাকে।

এবারের বহরে সবচেয়ে দামি মডেলগুলোর একটি ‘বিএমডব্লিউ এক্সএম লেবেল’। প্রায় ১ লাখ ৬৫ হাজার পাউন্ড মূল্যের এই মডেলটি বেছে নিয়েছেন ১৫ জন খেলোয়াড়; যাঁদের তালিকায় রয়েছেন জুড বেলিংহাম, ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড ও বার্নার্দো সিলভা। ভি৮ ইঞ্জিন ও বৈদ্যুতিক মোটরের সমন্বয়ে তৈরি প্রায় ৭৪৮ হর্সপাওয়ার ক্ষমতার এই গাড়িটি আরও পেয়েছেন রদ্রিগো, ডিন হুইসেন, ব্রাহিম দিয়াজ, অরেলিয়েন চুয়ামেনি, আরদা গুলার ও আন্তোনিও রুডিগারের মতো তারকারা।

অন্যদিকে, কিলিয়ান এমবাপ্পের পছন্দে জায়গা করে নিয়েছে সম্পূর্ণ বৈদ্যুতিক ‘বিএমডব্লিউ আইএক্স৩ ৫০ এক্সড্রাইভ’, যা বিএমডব্লিউর নতুন ‘নিউ ক্লাসে’ সিরিজের প্রথম মডেল; থিয়াগো পিতার্চ ও ইয়ান দিওমান্দেও পেয়েছেন একই গাড়ি। 

নিজেদের পছন্দের মডেলের গাড়ির সঙ্গে ভিনি-এমবাপ্পেরা, ছবি: সংগৃহীত

ভিনিসিয়ুস জুনিয়র ও এনদ্রিক বেছে নিয়েছেন ‘বিএমডব্লিউ আই৭ ৬০ এক্সড্রাইভ’, একবার চার্জে ৬২০ কিলোমিটারের বেশি পথ চলতে সক্ষম ৫৪৪ হর্সপাওয়ারের এই সেডান পেয়েছেন কার্লোস এস্পিও। এ ছাড়া হোসে মরিনহো ও এদুয়ার্দো কামাভিঙ্গা নিয়েছেন ‘বিএমডব্লিউ আইএক্স এক্সড্রাইভ৬০’, আর ফেদেরিকো ভালভার্দে একাই বেছে নিয়েছেন ‘বিএমডব্লিউ আইএক্স২ এক্সড্রাইভ৩০’।

রক্ষণভাগের এদের মিলিতাও ও গোলরক্ষক আন্দ্রি লুনিনের পছন্দে এসেছে প্লাগ-ইন হাইব্রিড ‘বিএমডব্লিউ এম৫ সেডান’, যা মাত্র ৩.৫ সেকেন্ডে শূন্য থেকে ঘণ্টায় ১০০ কিলোমিটার গতি তুলতে সক্ষম। অন্যদিকে মার্ক কুকুরেয়া একাই বেছে নিয়েছেন সর্বোচ্চ সাতজন যাত্রী বহনের সুবিধাযুক্ত ‘বিএমডব্লিউ এক্স৭ এম৬০আই এক্সড্রাইভ’।

ভবিষ্যতের গতিশীলতা, স্থায়িত্ব ও বৈচিত্র্যকে কেন্দ্র করে রিয়াল মাদ্রিদের সঙ্গে এই যৌথ উদ্যোগের প্রশংসা করেছেন বিএমডব্লিউ স্পেন ও পর্তুগালের নির্বাহী সভাপতি ম্যানুয়েল তেরোবা। ক্লাবের সঙ্গে এই অংশীদারত্ব নিয়ে তেরোবা বলেন, ‘রিয়াল মাদ্রিদ কেবল বিশ্বের শীর্ষস্থানীয় ক্রীড়া প্রতিষ্ঠানই নয়, বরং এমন একটি সংগঠন যা নিরন্তর বিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে এবং চাহিদা, প্রতিভা, মান ও নেতৃত্বের ভিত্তিতে নিজেদের কার্যক্রমে উৎকর্ষ অর্জনের চেষ্টা করছে। স্থায়িত্ব, সংহতি, বৈচিত্র্য ও জয়ী মানসিকতার প্রতিও তাদের দৃঢ় অঙ্গীকার রয়েছে। এটি ক্লাবটিকে বর্তমান ও ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলার আদর্শ অংশীদারে পরিণত করেছে।’ 

সর্বশেষ সর্বাধিক পঠিত