কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস

কুড়িগ্রামে শীত জেঁকে বসেছে। শীতের দাপট ও ঘনকুয়াশায় থমকে গেছে স্বাভাবিক জীবনযাত্রা। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশায় ঢাকা থাকছে বিভিন্ন এলাকা।

আজ রবিবার সকাল ৭টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস।

কুড়িগ্রাম আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, ‘গত ১৫ দিন ধরে এই অঞ্চলের তাপমাত্রা ১২-১৬ ডিগ্রি সেলসিয়াস ওঠা-নামা করছে। যা আগামীতে আরও কমার সম্ভাবনা আছে।’ 

এদিকে, দিনের বেলা সূর্য উত্তাপ ছড়ালেও সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে হিমেল বাতাসে নিম্নগামী হতে থাকে তাপমাত্রা। এই সময় তীব্র শীত অনুভূত হতে থাকে। লাগাতার ঘন কুয়াশার কারণে বোরো বীজতলাগুলো কিছুটা ক্ষতির আশঙ্কা করছেন কৃষকেরা। এছাড়াও আবহাওয়া পরিবর্তনের কারণে হাসপাতালগুলোতে বৃদ্ধি পেয়েছে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা।

অপরদিকে, শীতে কষ্টে পড়েছে জেলার নদ-নদী তীরবর্তী চর ও দ্বীপচরের হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষ। 

সদরের যাত্রাপুর ইউনিয়নের কৃষক তাজুল ইসলাম বলেন, ‘আমি বোরো বীজতলা করেছি। যেভাবে কুয়াশা ও ঠাণ্ডা পড়ছে ক্ষতির আশঙ্কা করছি। বীজতলার মাথা কুঁকড়ে যাচ্ছে। ঠাণ্ডায় বীজতলা নিয়ে টেনশনে আছি।

ওই ইউনিয়নের আব্দুল রাজ্জাক বলেন, ‘বেশকিছু দিন ধরে খুব কুয়াশা ও ঠাণ্ডা। সকালে কাজে যেতে খুব কষ্ট হচ্ছে। কাজে না যেয়ে তো উপায় নাই, কাজ না করলে তো আর সংসার চলে না। যতই কুয়াশা হোক না কেন আমাদের কাজ করাই লাগে।’