সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ব্যক্তিগত প্লেনে চড়ে অজানা গন্তব্যের উদ্দেশে রাজধানী দামেস্ক ছেড়েছেন। তার দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ আল-জালালি বলেছেন, ‘জনগণের দ্বারা নির্বাচিত যে কোনো নেতৃত্বকে সহযোগিতা করতে প্রস্তুত।’
স্থানীয় সময় আজ রবিবার তিনি এ কথা বলেন।
মোহাম্মদ আল-জালালি বলেন, ‘বাড়ি ছেড়ে যাওয়ার পরিকল্পনা নেই। সরকারি প্রতিষ্ঠানগুলো সচল রাখতে কাজ করবেন।’
এদিকে বিদ্রোহী দলের প্রধান জানিয়েছেন, ‘আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তর না হওয়া পর্যন্ত সরকারি প্রতিষ্ঠানগুলো প্রধানমন্ত্রীর অধীনে থাকবে।’
এর আগে সিরিয়ার দুইজন সেনা কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, আসাদ প্লেনে করে দামেস্ক ছেড়েছেন। তবে তিনি ঠিক কোথায় গেছেন- সেই সম্পর্কে এখন পর্যন্ত নিশ্চিত করে কিছু জানা যায়নি।
ফ্লাইটরাডার ওয়েবসাইটের বরাত দিয়ে জানানো হয়েছে, দামেস্ক বিমানবন্দর থেকে সিরিয়ার একটি বিমান উড্ডয়ন করেছে। এরপর বিমানটি সিরিয়ার উপকূলীয় অঞ্চলের দিকে যায়। তবে আচমকা বিমানটি ইউ-টার্ন নিয়ে কয়েক মিনিটের জন্য উল্টো দিকে উড়ে যায় এবং ম্যাপ থেকে অদৃশ্য হয়ে যায়।
বিমানটিতে কারা ছিলেন তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে পারেনি বলে জানিয়েছে রয়টার্স।