এনআইডিতে ভুল থাকলে জরুরি সংশোধনের আহ্বান ইসির

ভোটার তালিকা হালনাগাদের খসড়া তালিকা প্রকাশের আগে যাদের জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) ভুল আছে, তাদের জরুরিভিত্তিতে সংশোধন করার জন্য আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন।

আজ রবিবার (০৮ ডিসেম্বর) ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলমের সই করা এক বিজ্ঞপ্তি থেকে বিষয়টি জানা গেছে।

এতে বলা হয়েছে, আগামী ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। যাদের এনআইডিতে ভুল আছে তাদের জরুরিভিত্তিতে এ সময়ের আগেই সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসে গিয়ে ভুল সংশোধন করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

আইন অনুযায়ী, প্রতি বছর ২ জানুয়ারি খসড়া তালিকা প্রকাশের পর দাবি-আপত্তি নিষ্পত্তি করে ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে ইসি।