বেইলি সেতু ভেঙে পড়ায় বান্দরবান জেলা সদরের সঙ্গে রুমা উপজেলার সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। রবিবার (৮ডিসেম্বর) সকাল ৯টার দিকে বান্দরবান-রুমা সড়কে কুক্ষ্যংঝিরি এলাকায় বন বিভাগের রুমা রেঞ্জের কার্যালয় সংলগ্ন বেইলি সেতুটি পাটাতন খুলে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে বান্দরবান- রুমা সড়কে যোগাযোগ বন্ধ হয়ে যায়।
রুমা বাস সার্ভিস লাইনম্যান লুপ্রু মারমা বলেন, রুমা থেকে সকাল সাড়ে সাতটার প্রথম বাস পার হওয়ার পর আর কোনো বাস সেতু পেরিয়ে পেরুতে পারেনি। তবে সাধারণ যাত্রীদের সুবিধার্থে বাস ছাড়া বন্ধ রাখা হয়নি।
তিনি আরও বলেন, রুমা থেকে ছেড়ে যাওয়া বাসগুলো ভাঙা সেতুর এপারে থামবে, আর বান্দরবান থেকে ছেড়ে আসা যাত্রীদের বাস ভাঙা সেতুর ওপারে থাকবে। যাত্রীরা ভাঙা সেতু এলাকা পায়ে হেঁটে পার হবেন। তারপরে বাসে উঠে গন্তব্য স্থানে যেতে পারবেন।
সকালে বান্দরবান সদর থেকে আসা এক যাত্রীর নাম মাসাবু (৩৫)। তিনি জানান এক ছেলে এক মেয়ে নিয়ে বান্দরবান থেকে কিছু জিনিসপত্র ব্যাগ ভর্তি করে নিয়ে এসেছি। কিন্তু ভাঙ্গন এলাকায় পৌঁছার পরে বাস থেকে নেমে যেতে হয়েছে। ওই সময় দুই সন্তানকে কোলে নেব নাকি জিনিসপত্র বহন করব, বড় চিন্তায় পড়ে গেছি। নির্জন এ এলাকায় নেই কোনো লেবার। তার মতো অসংখ্য যাত্রী এমন ভোগান্তির স্বীকার হচ্ছেন।
গতকাল শনিবার রাতেও সেতু দিয়ে গাড়ি চলাচল করেছে। সকালে রুমার উদ্দেশে ছেড়ে যাওয়া যানবাহনগুলো ৮টার পর আর রুমা উপজেলা সদরে যেতে পারেনি বলে জানিয়েছেন জেলা শহরের রুমা বাস স্টেশনের গাড়িচালকরা।
সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নজরুল ইসলাম জানিয়েছেন, ভেঙে পড়া বেইলি সেতুটি সম্পর্কে সড়কটির ওই এলাকায় দায়িত্বরত ব্যক্তিদের জানিয়ে দেওয়া হয়েছে। তারা দ্রুত মেরামতের ব্যবস্থা নেবেন।