গ্রাহকের টাকা আত্মসাৎ: কুরিয়ার কর্মকর্তা মনির ৭ দিনের রিমান্ডে 

গ্রাহকের প্রায় ছয় লাখ টাকা আত্মসাতের অভিযোগের মামলায় এজে আর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস লিমিটেডের খাতুনগঞ্জ শাখার বরখাস্তকৃত ম্যানেজার মনির হোসেনকে সাত দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

এর আগে বরখাস্তকৃত মনির হোসেনকে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার করে চট্টগ্রাম কোতয়ালী থানা পুলিশ। পরে আসামি মনির হোসেনকে আদালতে তোলা হয়। এ সময় কোতয়ালী থানা পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করেন। বাদীপক্ষের আইনজীবী তার জামিন ও রিমান্ডের বিরোধিতা করেন। শুনানি শেষে আদালত মনির হোসেনের জামিন না দিয়ে ৭ দিনের রিমান্ডে পাঠান আদালত।

জিজ্ঞাসাবাদে গ্রাহকের টাকা আত্মসাতের কথা স্বীকার করেন আসামি মনির হোসেন। গ্রাহকের টাকা জমা না দিয়ে তিনি নিজেই খরচ করেছেন। টাকা ফেরৎ চাইলে তিনি নানাভাবে ঘুরাতে থাকেন। এমনকি হুমকিও দেন। ফলে বাধ্য হয়ে তার বিরুদ্ধে প্রতারণার মামলা করে এজে আর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস লিমিটেড।

মামলার এজাহারে বলা হয়, আসামি মনির হোসেন এজে আর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস লিমিটেডের খাতুনগঞ্জ শাখায় থাকায় অবস্থায় বিভিন্ন সময়ে কৌশলে গ্রাহকের প্রায় ছয় লাখ টাকা আত্মসাৎ করেছেন, যা প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ অডিট রিপোর্টে উঠে এসেছে। আসামি বিভিন্ন সময় জাল-জালিয়াতি ও প্রতারণার আশ্রয় নিয়ে এজে আর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস লিমিটেড থেকে প্রায় ছয় লাখ টাকা আত্মসাৎ করেছেন।