জামিন পেলেন দেশ রূপান্তরের প্রতিনিধি রিপন

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হতাহতের ঘটনায় করা মামলায় জামিন পেয়েছেন দেশ রূপান্তরের ফেনীর সোনাগাজী প্রতিনিধি আবুল হোসেন রিপন। রবিবার (৮ ডিসেম্বর) ফেনীর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামসাদ বেগমের আদালত জামিনের আদেশ দেয়। 

গত বৃহস্পতিবার রিপনকে সোনাগাজীর চর চান্দিয়ার গ্রামের বাড়ি থেকে র‍্যাব সদস্যরা আটক করে ফেনী মডেল থানায় সোপর্দ করেন। গত ১৮ নভেম্বর সেনবাগ উপজেলার লক্ষ্মীপুর গ্রামের আবুল কাশেমের ছেলে সিএনজিচালক আবদুর রব বাদী হয়ে ১৪২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৭০ জনকে আসামি করে ফেনী মডেল থানায় একটি মামলা করেন। মামলায় আবুল হোসেন রিপন ৫২ নম্বর আসামি।

মামলার বাদী আবদুর রব আদালতে উপস্থিত হয়ে বিচারকের সামনে আবুল হোসেন রিপনকে চেনেন না ও ঘটনার সময় তিনি উপস্থিত ছিলেন না বলেও জানান। বিচারক বিষয়টি আমলে নিয়ে সাংবাদিক রিপনের জামিন মঞ্জুর করেন। আসামিপক্ষের আইনজীবী ইউসুপ আলমগীর বিষয়টি নিশ্চিত করেন।

আবুল হোসেন রিপন বলেন, ‘মামলায় উল্লিখিত ঘটনার দিন আমি বাড়িতে ছিলাম। দুই দশক ধরে সাংবাদিকতা করি। সাংবাদিকতার ক্ষেত্রে অনেক প্রতিপক্ষ থাকতে পারে। তারা ব্যক্তিগত শত্রুতার জের ধরে আমাকে মামলায় জড়িয়েছে। আমি কোনো দল বা পদ-পদবিতে নেই।’

সাংবাদিককে মামলার আসামি করার বিষয়ে জানতে চাইলে বাদী আবদুর রব বলেন, ‘আসামিদের মধ্যে সাত-আটজনকে আমি দেখলে চিনতে পারব, বাকিদের কাউকে আমি চিনি না। তিনজন বিএনপি-জামায়াত নেতা আমাকে ১০ হাজার টাকা দিয়ে কয়েকটি স্টাম্পে স্বাক্ষর নিয়েছেন। পরে ওই পেপারগুলো ফেনী মডেল থানায় জমা দিয়েছি। কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, সেটা আমি ওসিকে বলেছি।’

জানা যায়, দলীয়, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক দ্বন্দ্বের জের ধরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হতাহতের ঘটনার মামলায় আসামিদের জড়ানোর অভিযোগ উঠেছে। হত্যা মামলা ছাড়াও হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগ করা হচ্ছে এজাহারে। 

ফেনীর পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনে হতাহতের ঘটনার মামলায় আসামিদের আটকের পর আমরা তাদের আগের কার্যক্রম পর্যবেক্ষণ করি। দলীয় পদ-পদবি আছে কি না তা দেখি। ঘটনার দিন তারা কোথায় ছিলেন তা প্রযুক্তির মাধ্যমে জেনে নিই। কোনো নিরপরাধ যেন হয়রানির শিকার না হন, সে ব্যাপারে আমরা সর্বোচ্চ খেয়াল রাখছি।’ 

বাদী আবদুর রবের মামলায় ২৫০ আসামির কাউকে গ্রেপ্তার না করলেও কেন সাংবাদিক রিপনকে গ্রেপ্তার করলেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি তা জানি না, র‌্যাব তাকে আটক করেছে। তাদের জিজ্ঞাসা করুন।’