মাদারীপুরের কালকিনি উপজেলায় বিপুল পরিমাণ জাল টাকা ও নোট তৈরির সরঞ্জামসহ দীন ইসলাম ঢালী নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় তার কাছ থেকে ১ লাখ ৬৪ হাজার ৭৫০ টাকার জাল নোট এবং জাল টাকা তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
উপজেলার চরজগমোহন এলাকা থেকে রবিবার (১৯ জুলাই) বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দীন ইসলাম ঢালী (৩০) ওই এলাকার মহসিন ঢালীর ছেলে।
জব্দকৃত সরঞ্জামের মধ্যে রয়েছে একটি কালার প্রিন্টার, জাল টাকা তৈরির রং, একটি করে এন্ট্রিকাটার, স্কেল, দুটি চপিং বোর্ড, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও জাল নোট তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহৃত প্রায় ৯৫০ পিস এ-ফোর সাইজের কাগজ।
র্যাব-৮, সিভিল প্রসিডিউর কোড (সিপিসি)-৩ (মাদারীপুর) জানায়, চরজগমোহন এলাকায় একটি বাড়িতে জাল টাকা তৈরি করা হচ্ছে এমন খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে তিনজন পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে দীন ইসলাম ঢালীকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ১ লাখ ৬৪ হাজার ৭৫০ টাকার জাল নোট ও জাল টাকা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করা হয়।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামি দীর্ঘদিন ধরে জাল নোট তৈরি করে আসল টাকা হিসেবে বাজারে সরবরাহ করার কথা স্বীকার করেছে। এ ঘটনায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। এছাড়া পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত ) অরবিন্দ বিশ্বাস বলেন, র্যাবের পক্ষ থেকে গ্রেফতারকৃত আসামি ও জব্দকৃত আলামত আমাদের থানায় হস্তান্তর করা হয়েছে। আদালতের মাধ্যমে আসামিকে কারাগারে পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে।