শিল্পায়নে সহায়ক হবে ভান্ডালজুড়ির পানি

দেশ রূপান্তর : ভান্ডালজুড়ি পানি সরবরাহ প্রকল্পের উদ্দেশ্যের সঙ্গে বাস্তবের কি কোনো ফারাক হচ্ছে?

মুহাম্মদ আনোয়ার পাশা : প্রকল্পটি নেওয়া হয়েছিল মূলত আনোয়ারা এলাকার শিল্পাঞ্চলকে টার্গেট করে। একই সঙ্গে কর্ণফুলী নদীর অন্যপাড়ের মানুষকে সুপেয় পানি সরবরাহের লক্ষ্যমাত্রা নিয়ে। এখনো সেই লক্ষ্য নিয়ে এগোনো হচ্ছে। তবে সব শিল্প-কারখানা তো একসঙ্গে পানির সংযোগ নেবে না, পর্যায়ক্রমে  নেবে।

দেশ রূপান্তর : এই প্রকল্প কি দক্ষিণ চট্টগ্রামে শিল্পায়ন বিস্তারে প্রভাবক হিসেবে কাজ করতে পারবে?

আনোয়ার পাশা : পানি হলো শিল্পায়ন বা নগরায়ণের একটি ধাপ। পানির সুবিধা ছাড়া অন্য সেবাগুলো গতি পাবে না। আমরা পানিসেবা পৌঁছে দিতে কাজ করছি। এখন অন্য সেবাগুলোর সম্মিলিত প্রয়াসে নগরায়ণ ও শিল্পায়নের বিকাশ ঘটতে পারে।

দেশ রূপান্তর : অনেক শিল্পপ্রতিষ্ঠান গভীর নলকূপের মাধ্যমে পানি নিচ্ছে। এখন যেহেতু ওয়াসা পানি দিচ্ছে, সেগুলো কি আর থাকবে?

আনোয়ার পাশা : ওয়াসার আওতাধীন এলাকায় অনুমোদন নিয়ে এবং সরকারি ফি দিয়ে কেউ চাইলে গভীর নলকূপ থেকে পানি উত্তোলন করতে পারেন। এত দিন আমরা এসব এলাকায় পানি সরবরাহ করতে পারিনি। এখন যেহেতু পানি সরবরাহ করা হচ্ছে, তাই বিধি অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।