আনোয়ারা ও কর্ণফুলী উপজেলায় অবস্থিত শিল্প-কারখানাগুলোর পানির উৎস হচ্ছে ভূগর্ভস্থ পানি। এতে লবণাক্ততা ও আর্সেনিক থাকার ঝুঁকি যেমন আছে, তেমনি পরিশোধন খরচও বেশি পড়ে। এ ছাড়া ভূগর্ভস্থ পানি পরিবেশের জন্য ক্ষতিকর। কিন্তু এত দিন পানির উৎস না থাকায় সিইউএফএল ৩০ কিলোমিটার দূর থেকে কালুরঘাটে অবস্থিত নিজস্ব ইনট্যাংক পাম্প থেকে পানি এনে শিল্পোৎপাদনে ব্যবহার করত। এর বাইরে আপদকালীন সময়ে ব্যবহারের জন্য কারখানার ভেতরেও গভীর নলকূপ বসানো আছে। এ পানির কোয়ালিটি ও কোয়ানটিটিও অনেকটা সন্তোষজনক নয়। এই সার কারখানায় দৈনিক ১৮ হাজার লিটার পানির চাহিদা রয়েছে। সে হিসেবে পানির পরিশোধন খরচও বেশি হয়। তবে ওয়াসার পানি পেলে এ কারখানার পানি ব্যবস্থাপনা নিশ্চিতের পাশাপাশি উৎপাদন খরচও কমে আসবে। এ ছাড়া আবাসিকেও পানির ঘাটতি পূরণ ও টেকসই পানি ব্যবস্থাপনা নিশ্চিত হবে। ফলে এ অঞ্চলের প্রতিবেশ ও পরিবেশের দূষণ অনেকটা কমে আসবে।