বার্সার সঙ্গে ব্যবধান কমাল রিয়াল

লা লিগায় রিয়াল বেতিসের বিপক্ষে শুরুতে এগিয়ে গিয়েও পয়েন্ট হারিয়েছে বার্সেলোনা। বেতিস ও বার্সেলোনার ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। পরে রিয়াল মাদ্রিদ নিজেদের মাঠে ৩-০ গোলে হারিয়েছে জিরোনাকে। দুই রকম ফলাফলে শীর্ষে থাকা বার্সার সঙ্গে রিয়ালের পয়েন্টের ব্যবধান কমেছে। অবশ্য কার্লো আনচেলত্তির দল একটি ম্যাচ কম খেলেছে। ১৭ ম্যাচে ৩৮ পয়েন্টে শীর্ষে বার্সেলোনা, ১৬ ম্যাচে ৩৬ পয়েন্টে দুইয়েই রইল রিয়াল।

জিরোনার মাঠে রিয়ালের হয়ে গোল করেছেন জুড বেলিংহ্যাম, আর্দা গুলের ও কিলিয়ান এমবাপ্পে। লিগে আগের রাউন্ডেই বিলবাওয়ের মাঠে হেরেছিল রিয়াল। তবে এই জয়ে স্বস্তি ফিরেছে দলের ড্রেসিং রুমে। ৩৬ মিনিটে গোল করেন বেলিংহ্যাম, লিগে টানা পাঁচ ম্যাচে গোল পেলেন ইংলিশ এই মিডফিল্ডার। ৫৫ মিনিটে বেলিংহ্যামের অ্যাসিস্ট থেকে ব্যবধান দ্বিগুণ করেন গুলের। ৬২ মিনিটে মদ্রিচের পাস থেকে স্কোর ৩-০ করেন এমবাপ্পে। লা লিগায় এটি এমবাপ্পের নবম গোল। ৬১ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন বেলিংহ্যাম।

রিয়াল কোচ আনচেলত্তি বলেন, ‘বেলিংহ্যাম ঠিক আছে। তার পা কিছুটা ক্লান্ত হয়ে পড়েছিল, ঝুঁকি নিতে চায়নি সে। তাকে পাওয়া যাবে (আতালান্তার বিপক্ষে)। বেলিংহ্যাম ছন্দে ফিরেছে। টানা পাঁচ ম্যাচে গোল করেছে। সে ফিরে এসেছে এবং ভালো ফর্মে আছে।’ সতীর্থের পারফরম্যান্সে উচ্ছ্বসিত এমবাপ্পেও। ‘সে দারুণ একজন খেলোয়াড়। মাদ্রিদে শীর্ষ মানের খেলোয়াড়দের সঙ্গে খেলা আনন্দের। ম্যাচটি জুড দারুণ খেলেছে।’

বেতিসের মাঠে ৩৯ মিনিটে গোল করেন রবার্ট লেভানডফস্কি। এগিয়ে থেকেই বিরতিতে যায় হান্স ফ্লিকের দল। ৬৮ মিনিটে পেনাল্টি থেকে এক গোল শোধ দেন বেতিসের আর্জেন্টাইন মিডফিল্ডার জিয়োভান্নি লো সেলসো। ৮২ মিনিটে ফেরান  তোরেস গোল করলে আবার এগিয়ে যায় কাতালানরা। ম্যাচের যোগ করা সময়ে আসানে দিনো গোল করলে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে বেতিস।

ফ্লিক বলেন, ‘আমাদের জন্য এটা ভালো ম্যাচ ছিল না। আমাদের দলটি তরুণ এবং অনেক উন্নতি করতে হবে। এটাই আমাদের করতে হবে। বিষয়টি আমাদেরই ওপর নির্ভর করছে, প্রতিটি ম্যাচ জেতার সামর্থ্য আমাদের আছে কিন্তু আমাদের সেটা করে দেখাতে হবে।’