ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িবহরে হামলা, কেড়ে নেওয়া হয়েছে ফোন-ব্যাগ

কয়েক দিন আগেই সড়ক দুর্ঘটনার পর এবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে।

গতকাল রোববার দিবাগত রাত ২টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডি থেকে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।

ঢাকা থেকে বান্দরবানের লামা যাওয়ার পথে নারায়ণগঞ্জে এ হামলা হয় বলে পোস্টে জানান তিনি।

ফেসবুকে হাসনাত আবদুল্লাহ লিখেন, ‘ঢাকা থেকে বান্দরবানের লামা যাওয়ার পথে নারায়ণগঞ্জে হামলার শিকার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িবহর। সেখানে তাদের ব্যাগ এবং মোবাইল নিয়ে নেওয়া হয়েছে এবং অনেকেই হামলায় আহত। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি বাংলাদেশ সরকারের নিকট।’

অন্যদিকে ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসুদও তাঁর ফেসবুক পোস্টে গাড়িবহরে হামলার কথা জানিয়েছেন। রাত সোয়া ২টার দিকে তিনি ফেসবুকে এ বিষয়ে পোস্ট দেন।

আবদুল হান্নান মাসুদ ফেসবুকে লিখেছেন, ‘আমরা প্রত্যেকেই জীবন বাজি রেখে চলি। যারা নারায়ণগঞ্জে আমার ভাই-বোনদের উপর হামলা করেছে, তাদের ক্ষমা নাই।’