বগুড়ায় সাড়া ফেলেছে ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগার

ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগার। মাত্র ২০ থেকে ৩০ মিনিটের মধ্যে শনাক্ত হচ্ছে খাদ্যে ভেজাল। ঘি, দুধ, মসলা, তেল, বিস্কুট, কেক, পাউরুটি ইত্যাদিতে ভেজাল সনাক্ত করা যায় খুব দ্রুত। ভোক্তাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এমন উদ্যোগ নিয়েছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

দেশের প্রতিটি বিভাগের জন্য রয়েছে একটি করে ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগার। রাজশাহী বিভাগের জন্য এই পরীক্ষাগার প্রতিমাসে শিডিউল অনুযায়ী বগুড়া জেলায় এসেছে ভেজাল শনাক্ত করতে। সম্প্রতি বিভিন্ন খাদ্য নমুনা সংগ্রহ করে তাৎক্ষণিক পরীক্ষায় ভেজালের প্রমাণও মিলেছে। এরই মধ্যে কিছু প্রতিষ্ঠানকে সতর্কসহ জরিমানা করা হয়েছে।

জানা গেছে, বিভিন্ন খাদ্যের নমুনা পরীক্ষা করে ভোক্তাদের মাঝে সাড়া ফেলেছে ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগার। বগুড়ায় ঘি, পাউরুটি, মসলার নমুনা পরীক্ষা করে কিছু প্রতিষ্ঠানকে সতর্কসহ জরিমানাও করা হয়েছে। এতে করে টনক নড়েছে অসাধু ব্যবসায়ীদের। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এমন কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন সকলেই নিয়মিত এমন মনিটরিংসহ অভিযান অব্যাহত থাকলে নিরাপদ খাবার পাবেন বগুড়াবাসী এমন প্রত্যাশা ব্যবসায়ীসহ সচেতন মহলের। নিয়মিত অভিযানে ব্যবসায়ীসহ ভোক্তাদের সচেতনতা বাড়বে বলে মনে করেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

বগুড়ার রাজাবাজার এলাকায় ‘নিউ গন্ধেশ্বরী ঘি’ নামে প্রতিষ্ঠানের ঘি-য়ে ডালডা মেশানোর প্রমাণ পায় এই পরীক্ষাগার। নিরাপদ খাদ্য আইন অনুযায়ী ৩ লাখ টাকা জরিমানা করে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। বেশ কয়েকটি প্রতিষ্ঠানের মসলা, ঘি, পাউরুটিতে ভেজাল পাওয়ায় প্রথমবার সতর্কসহ সংশোধন হওয়ার আহ্বান জানান নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

নিয়মিত অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন সচেতন মহল। তারা বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে শুধু অভিযান নয়, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

বগুড়া রাজাবাজার আড়ৎদার ও ব্যবসায়ী সমিতি সাধারণ সম্পাদক পরিমল প্রসাদ রাজ এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, ভেজাল রোধে এমন অভিযান প্রশংসনীয়, ভেজাল কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। যেন কেউ খাদ্যে ভেজাল করার সাহস না পায়।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বগুড়ার কর্মকর্তা মো. রাসেল জানান, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বগুড়া জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ অভিযান অব্যাহত রাখবে। নিয়মিত ল্যাব পরিচালনা করলে ব্যবসায়ীসহ ভোক্তারাও সচেতন হবে বলে জানান এই কর্মকর্তা। জেলা প্রশাসনের সহযোগিতায় এ কার্যক্রম চলমান রয়েছে।