সাদা পোশাকে কাউকে গ্রেপ্তার করা যাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা 

সাদা বা সাধারণ পোশাকে কাউকে গ্রেপ্তার করা যাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সোমবার (৯ ডিসেম্বর) সকালে খুলনা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, ‘সাধারণ পোশাকে কাউকে গ্রেপ্তার করা যাবে না। অবশ্যই আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর নির্ধারিত পোশাক পড়তে হবে।’ স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘বাংলাদেশের অনেক থানা থেকে হাতিয়ার লুট হয়েছে। তবে অভিযানের পরেও আশানুরূপ অস্ত্র উদ্ধার হয়নি। যত তাড়াতাড়ি সম্ভব তা উদ্ধার করতে হবে।’

বর্তমানে মব জাস্টিস বেড়ে গেছে, অনেকেই আইন নিজের হাতে তুলে নিচ্ছেন। তা বন্ধ করতে সকলের কাছে আহ্বান জানান তিনি। তিনি বলেন, ‘মাদক, ঘুষ, ভর্তি ও কোচিং বাণিজ্য আমাদের দেশের সবচেয়ে বড় ব্যাধি। এগুলো পরিবর্তন না হলে দেশের উন্নয়ন সম্ভব না। তাই সকলে এক হয়ে এসব বন্ধ করতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীতে নিয়োগ দিতে হবে তদবির ছাড়া।’

এছাড়াও উপদেষ্টা বলেন, ‘কোনো রাজনৈতিক দলের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের জড়ানো যাবে না। সকলকে মোবাইল ফোন বা ইন্টারনেট ব্যবহারে সতর্ক থাকতে হবে।’ তিনি আরও বলেন, ‘গত ১৫ বছর ধরে প্রতিবেশী দেশ ভারত আমাদের কাছ থেকে অনেক সুবিধা ভোগ করেছে। এখন সুবিধা না পাওয়ায় তারা মিথ্যা বলে তাদের গণমাধ্যমে অনেক কিছু প্রকাশ করছে।’ তাই সত্য ঘটনা তুলে ধরার জন্য দেশের সাংবাদিকদের কাছে অনুরোধ জানান তিনি।