চাঁদপুর-ঢাকা নৌ রুটে চলাচলকারী যাত্রীবাহী এমভি ঈগল-৩ লঞ্চে মাসুমা আক্তার (৪২) নামে এক নারী বাতাসে উড়ে যাওয়া টাকা ধরতে গিয়ে পা পিছলে মেঘনা নদীতে পড়ে যায়। এমন দৃশ্য দেখে স্থানীয় নদীপাড়ের মানুষের সহায়তা নৌ পুলিশের সদস্যরা পড়ে যাওয়া নারীকে নদী থেকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়। পরে তার স্বামীর হেফাজতে পাঠানো হয়।
সোমবার (৯ ডিসেম্বর) সকালে চাঁদপুরের মেঘনা নদীতে এই ঘটনা ঘটে। এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর নৌ থানার ওসি একেএমএস ইকবাল। উদ্ধার হওয়া নারী চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড সাচনমেঘ গ্রামের মো. বারাকাত উল্লাহর স্ত্রী।
পুলিশ জানায়, সকাল সোয়া ৯টায় চাঁদপুর লঞ্চঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় যাত্রীবাহী লঞ্চ এমভি ঈগল-৩। ওই লঞ্চেই ছিলেন যাত্রী মাসুমা আক্তার (৪০)। লঞ্চটি সদর উপজেলার তরপুরচন্ডী ইউনিয়নের আনন্দবাজার এলাকা অতিক্রম করার সময় ওই নারী তার ভ্যানেটি ব্যাগ থেকে টাকা বের করলে বাতাসে উড়ে যায়।
এসময় তিনি টাকা ধরতে গিয়ে পা পিছলে লঞ্চ থেকে মেঘনা নদীতে পড়ে যান। ঘটনার সময় নদীপাড়ের বাসিন্দারা এই দৃশ্য দেখে তাৎক্ষণিক নৌ পুলিশকে খবর দেন। নৌ পুলিশ দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় ওই নারীকে জীবিত উদ্ধার করে থানায় নিয়ে যান।
চাঁদপুর নৌ থানার ওসি একেএমএস ইকবাল বলেন, উদ্ধার হওয়া ওই নারীকে প্রথমে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। তিনি স্বাভাবিক হলে তার স্বামীর মোবাইল নম্বরে বিষয়টি জানানো হয়। পরে ওই নারীর স্বামী বারাকাত উল্লাহ থানায় উপস্থিত হলে তার জিম্মায় দেওয়া হয়।