মানিকগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্রে করে ঘিওর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক লাভলু মিয়াকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে।
নিহত লাভলু মিয়া ঘিওর উপজেলার কুস্তা গ্ৰামের মৃত আব্দুল হালিমের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘিওর উপজেলার কুস্তা এলাকায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের মধ্যে এ ঘটনা ঘটে। এ সময় আলতাফ ও হিমেল নামে দুইজন গুরুতর আহত হন। পরে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এরপর ওই আহতদের দেখার জন্য ছাত্রদলের সাবেক নেতা লাভলু মিয়া হাসপাতালের গেটে যাওয়ার পর পরই তাকে কুপিয়ে আহত করা হয়।
খবর পেয়ে ঘিওর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গুরুতর আহত লাভলুকে উদ্ধার করে চিকিৎসা জন্য প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানকার দায়িত্বরত চিকিৎসক তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। পরে সেখান থেকে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।
ঘিওর থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় লাভলু নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।