বিএনপিকে নিয়ে কাদের সিদ্দিকীর বক্তব্যে উত্তপ্ত টাঙ্গাইল, আহত ১ 

টাঙ্গাইলের সখীপুরে বিএনপি ও কৃষক শ্রমিক জনতা লীগের একইস্থানে প্রতিবাদ সমাবেশ করাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এসময় সংঘর্ষে নাঈম শিকদার (২০) নামে এক ছাত্রদল কর্মী আহত হয়েছে। এ সময় দু’পক্ষের সংঘর্ষ এড়াতে পুলিশ ও সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সোমবার (৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে পৌর শহরের তালতলা চত্বর এলাকায় এ ঘটনা ঘটে। পরে বিএনপি তালতলা চত্বরে ও কৃষক শ্রমিক জনতা লীগ বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাসায় প্রতিবাদ সমাবেশ করে। এ সময় পৌর শহরে থমথমে পরিবেশ বিরাজ করে।

জানা যায়, গত ৭ ডিসেম্বর কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী তার দলীয় বর্ধিত সভায় বিএনপিকে নিয়ে বক্তব্য দেওয়ার প্রতিবাদে উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সাজুর নেতৃত্বে ওই দিন রাতেই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ওই প্রতিবাদ সমাবেশে বিএনপি নেতাদের বক্তব্যে ক্ষুব্ধ হয় কৃষক শ্রমিক জনতা লীগের নেতাকর্মীরা। ফলে এ ঘটনায় গত দুই দিন উভয় পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করে।

এরই প্রতিবাদে সোমবার দু’পক্ষই বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচির আয়োজন করে। সকাল থেকেই স্থানীয় তালতলা চত্বরে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দেয় কৃষক শ্রমিক জনতা লীগ। কিন্তু বিএনপির নেতাকর্মীরা ওই চত্বরটি দখলে নেন। বেলা ১১টার দিকে কৃষক শ্রমিক জনতা লীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে আসার চেষ্টা করলে বিএনপির নেতাকর্মীরা বাধা দেয়। উভয় দল মুখোমুখি অবস্থান নিলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা বাধা দেন। এ সময় দু’পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও হাতাহাতির ঘটনা ঘটে। এতে নাঈম শিকদার নামের এক ছাত্রদল কর্মী আহত হন।

উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন সজীব বলেন, গত ৭ ডিসেম্বর বঙ্গবীর কাদের সিদ্দিকীর এক বক্তব্যের প্রতিবাদে স্থানীয় বিএনপির সভাপতির অশালীন ও শিষ্টাচার বহির্ভূত বক্তব্য দেন। প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করলে কর্মসূচিতে বিএনপি হামলা চালায়। হামলায় একজন মুক্তিযোদ্ধাসহ একাধিক নেতা-কর্মী আহত হয়েছে।

উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সাজু বলেন, বিএনপি সুসংগঠিত রাজনৈতিক দল। কাদের সিদ্দিকী এ দলের বিরুদ্ধে মিথ্যাচার করার প্রতিবাদে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। কৃষক শ্রমিক জনতা লীগ ওই সমাবেশে অতর্কিত হামলা করলে এক ছাত্রদল নেতার মাথা ফেটে যায়।

সখীপুর থানার ওসি জাকির হোসেন দেশ রূপান্তরকে বলেন, দু’পক্ষ একই স্থানের সমবেত হওয়ার চেষ্টা করেছিল। অপ্রীতিকর ঘটনা এড়াতে আমরা উভয় পক্ষকে দুই দিকে সরিয়ে দিয়েছি। তারপরও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। সকাল থেকে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।