টিকটক ক্রিয়েটর অ্যাওয়ার্ডস

বর্ষসেরা কনটেন্ট ক্রিয়েটর নির্বাচিত হলেন ‘নাদির অন দ্য গো’

বাংলাদেশি কনটেন্ট ক্রিয়েটরদের ব্যতিক্রমী সব কাজ তুলে ধরছে টিকটক। বাংলাদেশে দ্বিতীয়বারের মতো তারা আয়োজন করেছে ‘টিকটক ক্রিয়েটর অ্যাওয়ার্ডস-২০২৪’। চলতি বছর দশটি বিভাগে পুরস্কার প্রদান করা হয়।

এ আয়োজনে বর্ষসেরা কনটেন্ট ক্রিয়েটর পুরস্কার পেয়েছেন জনপ্রিয় ট্রাভেল ভ্লগার নাদির নিবরাস (নাদির অন দ্য গো)। সোমবার (৯ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে টিকটক। গত শুক্রবার (৬ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে ‘টিকটক ক্রিয়েটর অ্যাওয়ার্ডস ২০২৪’ আয়োজনে এ পুরস্কার দেওয়া হয়।

এছাড়া সেরা ভিডিওর জন্য পুরস্কার পেয়েছেন গুলফাম শাহানা জানা। সেরা ফ্যাশন ক্রিয়েটর হামজা খান শায়ান এবং সেরা ট্রাভেল ক্রিয়েটর পুরস্কার পেয়েছেন মি. মিক্সার রাশিক (মি. মিক্সারসওয়ার্ল্ড)।

শিক্ষামূলক কনটেন্ট তৈরির জন্য কনটেন্ট ক্রিয়েটর স্যাম (স্যাম জোন অফিশিয়াল), সেরা বিউটি ক্রিয়েটরের পুরস্কার পেয়েছেন তানিশা তাসনিম (দ্য চার্ম ইনসাইড ১৮)। উদীয়মান ক্রিয়েটরদের মধ্যে সেরা হয়েছেন রাফসান আহমেদ।

সেরা ফুড ক্রিয়েটরের পুরস্কার পেয়েছেন সোহেব রহমান (হ্যাটমান কুকিং) এবং সেরা এন্টারটেইনমেন্ট ক্রিয়েটরের পুরস্কার জিতেছেন সারওয়ার বাঁধন এবং সাদিয়া রোজা (সারওয়ার সাদিয়া)। এছাড়া সেরা স্পোর্টস ক্রিয়েটরের পুরস্কার পেয়েছেন মোহাম্মদ কাওসার বিন মুস্তাফিজ (নিশ্চুপ শৌভিক)।

টিকটক ব্যবহারকারীদের ভোটে বিজয়ীদের নির্বাচিত করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এই পুরস্কারের জন্য গত ১৪ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত টিকটক অ্যাপের মাধ্যমে ভোট গ্রহণ করা হয়। মোট ১০টি শ্রেণিতেই ব্যবহারকারীরা ভোট দেওয়ার সুযোগ পান।