গজারিয়ায় আ. লীগ অফিসসহ অবৈধ স্থাপনা উচ্ছেদ

মুন্সিগঞ্জের গজারিয়ায় ভ্রাম্যমাণ আদালত আওয়ামী লীগের অফিসসহ অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে। সোমবার (৯ ডিসেম্বর)বিকেলে ৩টায় উপজেলার ভবেরচর বাজারে সরকারি জায়গা দখল মুক্ত করতে এই অভিযান পরিচালিত হয় । 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুন শরীফের নেতৃত্বে অভিযানে অংশ নেয় বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনী সদস্য এবং ভূমি অফিস সংশ্লিষ্টরা।

এই অভিযানে সরকারি জায়গা দখল করে নির্মিত ৭টি দোকান ও স্থাপনা ভেকু দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় স্থানীয় ইউপি আওয়ামী লীগের অফিসও গুঁড়িয়ে দেওয়া হয়, তবে স্থানীয় নেতাকর্মীদের অনুরোধে বিএনপির অফিস আগামী দুইদিন সময়ের মধ্যে সরিয়ে নেওয়ার নির্দেশ প্রদান করা হয়। এ ছাড়া বাজারের মধ্যে যারা সরকারি জায়গায় দখল করে অবৈধ স্থাপনা বসিয়ে ব্যবসা করে আসছে তাদেরকেও নিজ দায়িত্বে স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ প্রদান করা হয়। 

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) মামুন শরীফ বলেন, গজারিয়ায় যেখানেই অবৈধ স্থাপনা দেখতে পাচ্ছি সেখানেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর ধারাবাহিকতায় আজকে ভবেরচর বাজারে ইউনিয়ন ভূমি অফিসের জায়গা রক্ষার্থে অভিযান চালানো হয়।