সেনাবাহিনীর ভুয়া সদস্য গ্রেপ্তার

ফেনীতে মো. নাজমুল হাসান (২৫) নামের সেনাবাহিনীর এক ভুয়া সদস্যকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। আজ সোমবার সন্ধ্যা ৭টার দিকে মহিপাল সার্কিট হাউজ রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার নাজমুল হাসান চুয়াডাঙ্গা জেলার জীবন নগর থানার কাটাফুল গ্রামের মো. মিলন আলীর ছেলে।

সেনাবাহিনীর অফিসার লে. ফাতিন ইশতিয়াক জানান, সেনাবাহিনীর পোশাকে এক ব্যক্তি সার্কিট হাউজ রোড এলাকায় সন্দেহজনক ঘোরাফেরা করছে। এমন খবর পেয়ে ওই এলাকায়  যৌথবাহিনী অভিযান চালায়। এসময় তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করলে সেনাবাহিনীর পোশাক, কমবেট টাওজার, কমবেট ক্যাপ, সেনা পোশাক পরিহিত তিনটি পাসপোর্ট সাইজের ছবি, সেনাবাহিনীর চেতনা ও মূল্যবোধ সম্বলিত আইডি কার্ড, আনুমানিক ৪৫ জনের জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন পত্র, নাগরিগত্ব সনদ, সেনাবাহিনীর পচ্ছদের ছবি লাগানো মোবাইল, সিম কার্ড পাওয়া যায়। তাকে রাতে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়।

এ বিষয়ে ওসি মর্ম সিংহ ত্রিপুরা জানান, তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।