লালমনিরহাটের কালীগঞ্জে পরিবহন প্রতারণা মামলায় আন্তঃজেলা প্রতারক চক্রের ৩ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় চুরি হওয়া একটি ট্রাক উদ্ধার করা হয়েছে।
সোমবার (১১ আগস্ট) বিকেলে ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাদ আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।
আটককৃতরা হলেন- খুলনার মো. জাহিদুল মুন্সি (৪০), ঢাকার মো. রবিউল ইসলাম মনির (৫৮) এবং মাদারীপুরের মো. আব্দুর রহমান হাওলাদার জসিম ভাণ্ডারী (৫৪)।
ডিবি জানায়, তারা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে পণ্য পরিবহনের নামে প্রতারণা ও মালামাল আত্মসাৎ করে আসছিল। দেশের বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২ জুলাই “মেসার্স শুভেচ্ছা ট্রেডার্স” নামে একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান দিনাজপুরের স্নেহা অটো রাইস মিলে ধান-চাল পরিবহনের জন্য ভুয়া রেজিস্ট্রেশন নম্বরযুক্ত একটি ট্রাক ভাড়া নেয়। কিন্তু পণ্য গন্তব্যে না পৌঁছানোয় ২৮ জুলাই কালীগঞ্জ থানায় মামলা হয়। মামলাটি তদন্তে নিয়ে ডিবি তথ্যপ্রযুক্তির সহায়তায় একাধিক জেলায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করে।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাদ আহমেদ বলেন, “এ চক্রের আরও কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে। তাদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।”
পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং প্রতারণা দমনে পুলিশ শূন্য সহনশীলতার নীতি অনুসরণ করছে।
‘দেশের মানুষ শেখ পরিবারের গোলামে পরিণত হয়েছিল’
ত্রিশালে কামাল গ্যাংয়ের লুটপাট-ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন