‘আমার বিরুদ্ধে নিউজ করলে আমিও সাংবাদিকের নামে মামলা করব’

কুমিল্লার দাউদকান্দিতে সালমা আক্তার নামে এক নারীর  হয়রানিমূলক মামলা রক্ষা পেতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা। মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে দাউদকান্দি সদরে ভুক্তভোগী শাহনাজ আক্তার সুমনা, শাহিনা ও রাবেয়া সংবাদ সম্মেলন করে কথিত সালমা আক্তার সখিনাকে মামলাবাজ আখ্যায়িত করে তার রোষানল থেকে বাঁচতে চান।

ভুক্তভোগীদের পক্ষে লিখিত বক্তব্যে সুমনা অভিযোগ করেন, সালমা তার বিরুদ্ধে এ পর্যন্ত ছয়টি হয়রানিমূলক বানোয়াট মামলা এবং ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। যার তথ্য ও প্রমাণ তার কাছে রয়েছে।

অপর ভুক্তভোগী শাহিনা আক্তার বলেন, আমার স্বামী স্বপনকে বিভিন্ন সময় ফাঁসিয়ে প্রায় ২০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে সালমা আক্তার।  আমাদের বিরুদ্ধে প্রায় ২০ টি মামলা করেছে সালমা। গত তিনদিন যাবৎ আমার স্বামী স্বপনের কোনো হদিস পাচ্ছি না। 

আরেক ভুক্তভোগী রাবেয়া আক্তার জানান, আমি সালমার সাথে সাবলেট ভাড়া ছিলাম।  অগ্রিম দুই মাসের ভাড়া দেওয়া ছিল। কিন্ত আমি যখন বাসা ছেড়ে দিতে চাই তখন সালমা বাধা দেন। আমার সব ফার্নিচার মালামাল আটকিয়ে রাখে এবং পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে অস্বীকার করায় তার নামে সালমা আক্তার মামলা করার হুমকি দিয়েছেন।

ভুক্তভোগী ও ক্ষতিগ্রস্তরা এ বিষয়ে প্রশাসন কাছে নিরাপত্তা ও সুবিচার এবং সালমার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

এ  বিষয়ে সালমার সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি অভিযোগ অস্বীকার করেন। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে সাংবাদিকদের হুমকি দিয়ে বলেন, সাংবাদিকরা আমার বিরুদ্ধে নিউজ করলে আমিও সাংবাদিকদের নামে মামলা করবো।