বিশেষ অভিযানে চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় গ্রেপ্তার ৭৯০

আপডেট : ০৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ পিএম

চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় গত ২৪ ঘণ্টায় কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম ও মাদকবিরোধী অভিযানে ২৪ ঘণ্টার ব্যবধানে ৭৯০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সময়ে কিশোর গ্যাংবিরোধী পৃথক অভিযানে ৪৯৭ জনকে আটক করা হয়।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) চট্টগ্রাম রেঞ্জ অফিস থেকে জানানো হয়, গ্রেপ্তার ৭৯০ জনের মধ্যে নিয়মিত মামলায় ৫৮ জন, পূর্ববর্তী মামলায় ৮৫, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ২৭, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ১১ ও ১৫১ ধারাসহ অন্যান্য আইনে ২৯ জন রয়েছেন। এছাড়া পরোয়ানামূলে ১৪১ জন এবং সাজা পরোয়ানামূলে ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক মামলায় ৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে একজন মাদক বহনকারী ও ৪৮ জন মাদকসেবী। এছাড়া নিয়মিত ও অন্যান্য মামলায় আরও ২৭ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানে ৭৬ জন মাদক সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এর পাশাপাশি ৪৩ হাজার ১১৯ পিস ইয়াবা, ৮২ কেজি ৮০ গ্রাম গাঁজা, ১২ লিটার চোলাইমদ, ১২ বোতল বিদেশি মদ এবং তিনটি ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। মাদকবিরোধী অভিযানে ২৩ মামলা হয়েছে। এছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৭ জনকে কারাদণ্ড এবং ১০ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়।

তাছাড়া কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ২৯ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে চট্টগ্রামে চারজন, কুমিল্লায় তিন, চাঁদপুরে সাত, নোয়াখালীতে চার, লক্ষ্মীপুরে দুই, ফেনীতে ছয়, রাঙামাটি, ব্রাহ্মণবাড়িয়া ও বান্দরবানে একজন করে রয়েছেন। কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৯৭ জনের মধ্যে ৩৭১ জনকে মুচলেকায় অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে। বাকি ১২৬ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

জেলা হিসেবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে কুমিল্লায় সর্বোচ্চ ১৫০ জন, নোয়াখালীতে ১৫৭ জনকে আটক করা হয়েছে। এছাড়া চট্টগ্রামে ৫৬, কক্সবাজারে ৩১, ব্রাহ্মণবাড়িয়ায় ৪৮, চাঁদপুরে ১৯, লক্ষ্মীপুরে ছয়, রাঙামাটিতে পাঁচ ও খাগড়াছড়িতে ২৫ জনকে আটক করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে চট্টগ্রাম রেঞ্জ অফিস তথ্যে। 

সর্বশেষ সর্বাধিক পঠিত