ফরাসি ফুটবল তারকা কিলিয়ান এমবাপ্পে স্পষ্ট করে জানালেন, তার কাছে দেশের হয়ে খেলা সব সময়ই সর্বোচ্চ অগ্রাধিকার। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি ফ্রান্স জাতীয় দলের প্রতি তার গভীর ভালোবাসার কথা উল্লেখ করে দেশের হয়ে খেলা নিয়ে ছড়ানো গুঞ্জন নাকচ করেছেন।
গত মাসে ইজরায়েল এবং ইতালির বিপক্ষে ফ্রান্সের হয়ে মাঠে নামেননি এমবাপ্পে। কোচ দিদিয়ের দেঁশম জানিয়েছিলেন, মানসিক ও শারীরিক ক্লান্তির কারণে এমবাপ্পে খেলতে পারেননি। তবে একই সময়ে রিয়াল মাদ্রিদের হয়ে মাঠে দেখা গেছে তাকে, যা নিয়ে শুরু হয় জল্পনা—কোচ দেঁশমের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের কারণেই কি দেশের হয়ে খেলছেন না এমবাপ্পে?
কিন্তু এমবাপ্পে তা উড়িয়ে দিয়ে বলেন, ‘আমার কাছে দেশ সব সময় আগে। ফ্রান্স দলের প্রতি আমার ভালোবাসা কখনো কমেনি।’
দেশের হয়ে খেলার প্রতি তার নিবেদন বোঝাতে এমবাপ্পে স্মরণ করেন ২০২১ ইউরো কাপে নাক ভাঙার ঘটনা। তিনি বলেন, ‘দেশের জন্য আমি আমার নাকও উৎসর্গ করেছি। সেই সময় ফেসগার্ড পরে মাঠে নেমেছিলাম।’
বর্তমানে ২৬ বছর বয়সী এমবাপ্পে ইতিমধ্যেই ফ্রান্সের হয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় তৃতীয় স্থানে আছেন। জাতীয় দলের হয়ে তার গোলসংখ্যা ৪৮। সামনে আছেন কেবল থিয়েরি অঁরি (৫১) এবং অলিভিয়ে জিরু (৫৭)। তবে সাম্প্রতিক ১২ ম্যাচে মাত্র ২টি গোল করেছেন তিনি।
সাক্ষাৎকারে এমবাপ্পে বলেন, ‘যখন তুমি তারকা হয়ে যাও, তখন তোমার হয়ে অন্যরা কথা বলতে শুরু করে। এ কারণেই আমি এই সাক্ষাৎকার দিয়েছি।’
ফরাসি ফুটবলে এমবাপ্পের উত্থান অব্যাহত। ২০১৮ সালের বিশ্বকাপজয়ী এই তারকা ২০২২ সালে ফাইনালে হ্যাটট্রিক করে আরও একটি মাইলফলক গড়েছিলেন। দেশের প্রতি তার এই গভীর ভালোবাসা এবং প্রতিশ্রুতি আগামী দিনগুলোতে ফ্রান্স দলকে আরও এগিয়ে নিতে পারে।