‘জয় বাংলা’ স্লোগান দেওয়া অপুকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

সেনাবাহিনী ও পুলিশের সামনে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় হেনস্তার শিকার হয়ে ভাইরাল হন সাইফুদ্দিন অপু। রক্ত লাগলে দেব। প্রয়োজনে জীবন দেব। তবু, বাংলাদেশকে ধ্বংস হতে দেব না। সোমবার (৯ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমানের আদালত রিমান্ড শুনানি শেষে হাজত খানায় নেওয়া সময় অপু এ কথা বলেন।

আদালত উভয় পক্ষের শুনানি শেষে অপুর রিমান্ড ও জামিন উভয় আবেদন নাকচ করে দিয়ে দুই দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন মামলার তদন্ত কর্মকর্তা বজলুর রশিদকে।

সম্প্রতি প্রেস ক্লাবে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছিলেন সাইফুদ্দিন অপু। বৈষম্যবিরোধী আন্দোলনকালে রাজধানীর বাড্ডায় শাহ আলম নামের এক ব্যক্তিকে হত্যার মামলায় অপুর সাত দিনের রিমান্ডের আবেদন করেছিল মামলার তদন্ত কর্মকর্তা।

অপুর আইনজীবী খায়ের উদ্দিন শিকদার বলেন, ‘সাইফুদ্দিন অপু সন্দেহভাজন আসামি। তার গ্রামের বাড়ি নোয়াখালী। বৈষম্যবিরোধী আন্দোলনের এ মামলার সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই। মামলার বাদীও তাকে চেনেন না শুধু সম্প্রতি প্রেস ক্লাবে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া তার কাল হয়েছে তিনি কোন রাজনৈতিক দলের নেতা বা কর্মী নয় সেজন্য আমরা তার রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করছি।’

রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ১৮ জুলাই রাত ১০টার দিকে অফিস থেকে বাড়ি ফেরার পথে পুলিশের ছোঁড়া গুলিতে আহত হন শাহ আলম। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে গত ১৩ আগস্ট তিনি মারা যান। এ ঘটনায় নিহতের ভাই বাড্ডা থানায় এ হত্যা মামলাটি  করেন।