কৃষক শ্রমিক জনতা লীগের ৩১ নেতাকর্মীর নামে মামলা

টাঙ্গাইলের সখীপুরে পাল্টাপাল্টি প্রতিবাদ সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র সানোয়ার হোসেন সজীবসহ ৩১ নেতাকর্মীর নামে মামলা দায়ের করা হয়েছে।

গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা ছাত্রদলের আহত নেতা নাঈম শিকদার বাদী হয়ে সখীপুর থানায় মামলাটি দায়ের করেন। 

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, মারামারির ঘটনায় মামলা নেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। মামলায় ৩১ জনের নাম উল্লেখের পাশাপাশি অজ্ঞাত আরও ৩০ থেকে ৩২ জনকে আসামি করা হয়েছে। 

উল্লেখ্য, গত সোমবার সকাল ১১টার দিকে স্থানীয় তালতলা চত্বরে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর বিএনপির বিরুদ্ধে দেওয়া এক বক্তব্যে প্রতিবাদে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে বিএনপির ও অঙ্গ-সহযোগী সংগঠন। 

অপরদিকে গত ৭ ডিসেম্বর কাদের সিদ্দিকী তার দলীয় বর্ধিত সভায় বিএনপির বিরুদ্ধে বিষেধাগার বক্তব্য দেওয়ার প্রতিবাদে উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সাজুর নেতৃত্বে ওই দিন রাতেই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ওই প্রতিবাদ সমাবেশের বক্তব্য নিয়ে ও ক্ষুব্ধ হন কৃষক শ্রমিক জনতা লীগ। 

এ ঘটনায় গত দুই দিন উভয় পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করে। এর প্রতিবাদে গত সোমবার দু’পক্ষই বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচির আয়োজন করে। সকাল থেকেই স্থানীয় তালতলা চত্বরে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দেয় কৃষক শ্রমিক জনতা লীগ। কিন্তু বিএনপির নেতাকর্মীরা ওই চত্বরটি দখলে নেন। বেলা ১১টার দিকে কৃষক শ্রমিক জনতা লীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে আসার চেষ্টা করলে বিএনপির নেতাকর্মীরা বাধা দেয়। উভয় দল মুখোমুখি অবস্থান নিলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা বাধা দেন। এ সময় দু’পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও হাতাহাতির ঘটনা ঘটে। এতে নাঈম শিকদার নামের এক ছাত্রদল কর্মী আহত হন।