পল্টন থানার হত্যা মামলায় বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান ড্রাইভার্স ইউনিয়নের সভাপতি তালুকদার মো. মনিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এমন খবর ছড়িয়ে পড়ায় রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ শ্রমিকরা। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বিক্ষুব্ধ শ্রমিকরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে তেজগাঁও শিল্পাঞ্চল সড়কে সৃষ্টি হয় তীব্র যানজট। জানা গেছে, শ্রমিকরা বিক্ষোভ করতে করতে বিভিন্ন স্থানে জড়ো হন। এরপর তিব্বত ও সাতরাস্তা মোড় দখলে নেন। এতে আটকে যায় হাজার হাজার যানবাহন। ট্রাফিক বিভাগের তেজগাঁও শিল্পাঞ্চল জোনের সহকারী কমিশনার (এসি) স্নেহাশীষ দাস বলেন, সন্ধ্যা সাড়ে ৭টায় অবরোধ করা হয় সড়ক। সর্বশেষ রাত পৌনে ৮টা পর্যন্ত যান চলাচল পুরোপুরি বন্ধ থাকে। পৌনে ৯টার দিকে তেজগাঁও তিব্বত ও সাতরাস্তা সড়কটিতে যান চলাচল স্বাভাবিক হয়।
×
