৮ ঘণ্টা ফেরি বন্ধ থাকায় দৌলতদিয়া ঘাটে পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি

দীর্ঘ ৮ ঘণ্টা বন্ধ থাকার পর রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। কুয়াশা বেড়ে যাওয়ায় গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টা ৪০ মিনিটের দিকে ফেরি চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ। পরে আজ বুধবার সকাল ৯টায় ফেরি চলাচল শুরু হয়।

সরেজমিনে দৌলতদিয়া ঘাট এলাকা ঘুরে দেখা যায়, ফেরি বন্ধ থাকার কারণে জিরো পয়েন্ট থেকে দৌলতদিয়া-খুলনা মহাসড়কে সকাল ১০টা পর্যন্ত প্রায় ২ কিলোমিটার এলাকা জুড়ে পণ্যবোঝাই ট্রাকের দীর্ঘ সারি দেখা যায়, তবে যাত্রীবাহী বাসের সংখ্যা ছিল কম। 

পণ্যবাহী ট্রাকের চালক ইলিয়াস মোল্লা দেশ রূপান্তরকে বলেন, ‘হঠাৎ করে ফেরি বন্ধ হওয়ায় রাত ২টা ৩০ মিনিটে ঘাটে এসে দাঁড়িয়ে আছি। ফেরি চলাচল শুরু হয়েছে এখন পার হওয়ার অপেক্ষায় আছি। আগের মত সিরিয়াল ও ভোগান্তি না থাকলেও আজ ঘাটে অনেক সময় অপেক্ষা করছি।’

আরেক ট্রাকচালক জসিম বলেন, ‘এমনি সময়ে ঘাট পার হতে সমস্যা না হলেও শীতের এই সময়ে ঘাট এলাকা দিয়ে পারাপারে আমাদের ভোগান্তি পোহাতে হয়। এই সময়ে কুয়াশার জন্য প্রায়ই রাতে ফেরি বন্ধ থাকে। যে জন্য আমাদের মত ট্রাক চালকের ভোগান্তিতে পড়তে হয়।’

এ বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক সালাউদ্দিন দেশ রূপান্তরকে বলেন, ‘কুয়াশার জন্য ফেরির দিক নির্দেশনা বাতির আলো অস্পষ্ট হয়ে আসায় দুর্ঘটনা এড়াতে রাত ১২টা ৪০মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া প্রান্তে যানবাহনের সারি সৃষ্টি হয়। আজ সকাল ৯টা থেকে ফেরি চলাচল শুরু হওয়ার হয়েছে। আশা করি ট্রাকের সারি খুব দ্রুত কমে যাবে। যাত্রীবাহী বাস ও ব্যক্তিগত গাড়ি অগ্রাধিকার ভিত্তিতে পারাপারের সাথে সাথে পণ্যবাহী ট্রাকও পার করা হচ্ছে। বর্তমানে আমাদের বহরে ১৭ টি ফেরি রয়েছে।’