অনস্ক্রিন হোক বা অফস্ক্রিন, ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’ হোক বা ‘কুছ কুছ হোতা হ্যায়', শাহরুখ খান এবং কাজলের জুটি বার বার মন কেড়ে নিয়েছে দর্শকদের। পর্দার পিছনেও তাদের বন্ধুত্ব নিয়ে চর্চা নেটদুনিয়ায়। দু'জন দু'জনের প্রিয় বন্ধু, এমনটাই জানেন নেটিজেনের একাংশ। আবার বলিপাড়ার একাংশের অনুমান, কাজল নন বরং অভিনেত্রীদের মধ্যে শাহরুখের প্রিয় বান্ধবী জুহি।
এখানেই শেষ নয়। এই নিয়ে আলোচনার শেষ নেই। কেউ কেউ আবার দাবি করেন অনুষ্কার সঙ্গে শাহরুখের গভীর বন্ধুত্ব রয়েছে। কিন্তু এ সবই যে রটনা তার ইঙ্গিত দিলেন অভিনেতা নিজেই। বহু নায়িকার সঙ্গে শাহরুখ অভিনয় করলেও বলি অভিনেত্রীদের মধ্যে তার প্রিয় বান্ধবী কে তা জানেন কি? সে কথা নিজেই স্বীকার করলেন কিং খান।
শাহরুখ জানান, বলিপাড়ার অন্য এক অভিনেত্রী তার প্রিয় বান্ধবী। এমনকী তার কাছ থেকে শাহরুখ অভিনয়ও শিখেছেন। টুইটারে ২০১৫ সালে অভিনেত্রী দিব্যা শেঠের সঙ্গে একটি ছবি পোস্ট করেন শাহরুখ। সেই পোস্টের ক্যাপশনে বলিউড বাদশা লেখেন, 'দিব্যা আমার প্রিয় বান্ধবী। তার কাছে আমি অভিনয় শিখেছি।'
এবার যারা দিব্যাকে চেনেন না, তাদের মনে প্রশ্ন আসতেই পারে, কে এই দিব্যা শেঠ? ছোট পর্দায় অভিনয়ের মাধ্যমে নিজের কেরিয়ার শুরু করেন দিব্যা। এমনকি শাহরুখের সঙ্গেও হিন্দি ধারাবাহিকে অভিনয় করেন তিনি। নয়াদিল্লিতে স্কুলের গণ্ডি পার করে ইংরেজি সাহিত্য নিয়ে স্নাতক স্তরের পড়াশোনার জন্য কলেজে ভর্তি হন দিব্যা।
অভিনয়ের প্রতি প্রথম থেকেই আগ্রহ ছিল তার। ফলে ব্যারি জনের কাছে থিয়েটারের প্রশিক্ষণ নেন দিব্যা। একই জায়গায় থিয়েটারের প্রশিক্ষণ নিতে ভর্তি হয়েছিলেন শাহরুখ। সেখান থেকেই দিব্যার সঙ্গে প্রথম আলাপ শাহরুখের। তারপর থেকেই একে অপরের প্রিয় বন্ধু তারা।