সৌদিতে বিশ্বকাপ আয়োজন বহু মানুষের জীবন ঝুঁকির মুখে ফেলবে- অ্যামনেস্টি

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও আরও ২১টি সংস্থা যৌথ বিবৃতি দিয়ে ২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপ সৌদি আরবে আয়োজনের সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের লেবার রাইটস ও স্পোর্ট প্রধান স্টিভ ককবার্ন বলেন, "সৌদি আরবে মানবাধিকারের সুরক্ষা নিশ্চিত না করেই ২০৩৪ বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব দেওয়ার ফিফার এই দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্ত বহু মানুষের জীবন ঝুঁকির মুখে ফেলবে।
এখন পর্যন্ত যে তথ্যপ্রমাণ পাওয়া গেছে, তাতে ফিফা জানে যে, সৌদি আরবে শ্রমিকরা শোষণের শিকার হবে এবং কেউ কেউ মারা যাবে, যদি সেখানে মৌলিক সংস্কার না আনা হয়। তবুও ফিফা এই সিদ্ধান্ত এগিয়ে নিয়েছে।"

"ফিফা মানবাধিকার লঙ্ঘনের গুরুতর দায় বহন করতে পারে," বলে তিনি সতর্ক করেন।

সমর্থনের পক্ষে যুক্তরাজ্য ও অন্যান্য দেশের ফুটবল অ্যাসোসিয়েশন

ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন (FA) সৌদি আরবের বিডের প্রতি সমর্থন জানিয়েছে। ইংল্যান্ড FA এক বিবৃতিতে জানায়, “বিস্তৃত পর্যালোচনার পর, আমরা ২০৩০ সালের স্পেন/পর্তুগাল/মরক্কো এবং ২০৩৪ সালের সৌদি আরবের বিশ্বকাপ বিডকে সমর্থন জানিয়েছি। উভয় বিডই কারিগরি দিক থেকে শক্তিশালী এবং ফিফার মানদণ্ড পূরণ করে।

"আমাদের প্রধান লক্ষ্য হলো, আমাদের সমর্থকরা যেন আনন্দের সঙ্গে এই টুর্নামেন্ট উপভোগ করতে পারে।"

ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো সমালোচনার জবাবে বলেন, "আমরা সমালোচনার কথা জানি এবং সংশয়গুলো বুঝি। আমি পুরোপুরি বিশ্বাস করি, আমাদের আয়োজকরা এই সমস্যাগুলো সমাধান করবে।
"আমরা এমন একটি স্বচ্ছতা নিয়ে কাজ করছি, যা স্থায়ী পরিবর্তন আনতে সহায়তা করবে। এটি বিশ্বকাপ আয়োজনের একটি দায়িত্ব এবং বিশ্ব এটি পর্যবেক্ষণ করবে।"

নরওয়ে ভোটদানে বিরত ছিল, কারণ তারা "বর্তমান বিশ্বকাপ বিডিং প্রক্রিয়া" নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল, সৌদি আরবকে আয়োজক করার কারণে নয়।