দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। গতকাল বুধবার রাত ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ  দেশ রূপান্তরকে ফেরি চলাচল বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট কার্যালয়ের ব্যবস্থাপক সালাউদ্দিন আহমেদ জানান, কুয়াশার জন্য ফেরির দিক নির্দেশনা বাতির আলো অস্পষ্ট হয়ে আসায় দুর্ঘটনা এড়াতে রাত ৩টা থেকে সাময়িক সময়ের জন্য ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। তবে কুয়াশার ঘনত্ব কমে এলে পুনরায় ফেরি সার্ভিস চালু করা হবে। এ রুটে ছোট বড় মিলে মোট ১৭টি ফেরি রয়েছে। এর মধ্যে ১২টি চলাচল করছে।