অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলা মানেই সেখানকার দর্শকদের নানারকম কাণ্ডের সাক্ষী হওয়া। যেমন সদ্য সমাপ্ত অ্যাডিলেডের দিবা-রাত্রিরে টেস্টে ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজকে রাগিয়ে দিতে দুই লাখ টাকা খরচ করেছেন এক অজি দর্শক! পরে ক্ষমাও চেয়েছেন তিনি।
গত শুক্রবার ভারতের হেরে যাওয়া টেস্টের প্রথম দিনের শেষ সেশনে ব্যাট করছিলেন মার্নাস লাবুশেন। বোলার মোহাম্মদ সিরাজ রানআপ শুরু করেন, লাবুশেনও ব্যাটিং স্টান্ট নেন। কিন্তু সিরাজ বল ছোড়ার ঠিক আগমুহূর্তে সরে যান লাবুশেন। এতে মেজাজ বিগড়ে যায় সিরাজের। তিনি লাবুশেনের দিকে বল ছুড়ে মারেন। সিরাজকে এভাবে রাগিয়ে দেওয়ার পেছনের কারিগর এক অজি দর্শক।
লেকি বুর্ট নামের ২১ বছর বয়সী ওই অজি দর্শক সিরাজ বল করার আগমুহূর্তে ‘বিয়ার স্নেক’ নিয়ে সাইটস্ক্রিনের পেছন দিয়ে দৌড়ে যান। এতে লাবুশেনের মনোযোগে বিঘ্ন ঘটে এবং তিনি ব্যাটিং স্টান্স থেকে সরে যান। এতেই ক্ষিপ্ত হন ভারতীয় পেসার। অস্ট্রেলিয়ার শীর্ষ কিছু গণমাধ্যমকে বুর্ট জানিয়েছেন, সিরাজকে রাগাতে তিনি ইচ্ছে করে ওই কাণ্ড করেছেন।
বুর্টের ভাষায়, ‘একজনের চারটির বেশি পানীয় (বিয়ার) কেনার সুযোগ ছিল না।। তবে আমরা ৬৭ জন একসঙ্গে খেলা দেখতে গিয়েছিলাম। আমরা ২৫০টি বিয়ার কাপ জমিয়ে ফেলি। সেগুলোকেই একত্র করে বিরাট টাওয়ার বানিয়েছি। (বিয়ার স্নেক)। এ জন্য ২ হাজার ৭৫০ ডলার খরচ হয়েছে। ঘটনাটি বেশ মজার ছিল।’
‘বিয়ার স্নেক’ হলো অনেকগুলো প্লাস্টিকের বিয়ার কাপ একত্র করে সাপের আকৃতি দেওয়া। কোনো স্টেডিয়ামে লম্বা সময় খেলা হলে দর্শকরা এটা বানিয়ে গ্যালারিতে ঘুরে বেড়ান। বিয়ার স্নেক বানাতে বুর্টের ২ হাজার ৭৫০ অস্ট্রেলিয়ান ডলার খরচ করতে হয়েছে, বাংলাদেশি মুদ্রায় যা ২ লাখ ৮ হাজার টাকার মতো। ভাইরাল হতেই মজার ছলে বুর্ট এই কাজ করেছিলেন এবং ক্ষমাও চেয়েছেন।
বুর্ট আরও বলেন, ‘ওই মুহূর্তে আমার মাথায় শুধু একটি বিষয় কাজ করছিল, কীভাবে নিরাপত্তাকর্মীদের কাছ থেকে দূরে থাকা যায়। যখনই সুযোগ পেয়েছি, ওই সাদা রশির ওপর দিয়ে লাফিয়ে উঠেছি। তখন আমার থামার এবং ভাবার সময় ছিল না যে, আমি আসলে কী করতে যাচ্ছি এবং এটা ম্যাচে কী ধরনের প্রভাব ফেলতে পারে। এখন বুঝতে পারছি আমি কিছুটা নির্বোধের মতো কাজ করেছি, যা ঠিক হয়নি। আমি দুঃখিত।’