গুঁড়িয়ে গেল ডর্টমুন্ড, বার্সেলোনার জয়রথ ছুটছেই

আপডেট : ১২ ডিসেম্বর ২০২৪, ০৮:৫২ এএম

চ্যাস্পিয়ন্স লিগের মঞ্চে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে অপরাজেয় যাত্রা অব্যাহত রাখল বার্সেলোনা। জার্মান দলটির মাঠে রোমাঞ্চকর লড়াইয়ে ৩-২ গোলে জিতেছে হান্সি ফ্লিকের দল। আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচটি একসময় ড্র হওয়ার উপক্রম হয়েছিল। সেখান থেকে জয়সূচক গোলটি করেন ফেরান টরেস। এই জয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এলো বার্সেলোনা।

বুধবার রাতে প্রতিপক্ষের মাঠে শুরু থেকেই দুই দল আক্রমণে যায়। বেশ কয়েকটি সুযোগ সৃষ্টি হলেও প্রথমার্ধে কোনো গোল হয়নি। বিরতির পর ৫২তম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় বার্সেলোনা। দানি ওলমোর থ্রু বল ধরে বক্সে ঢুকে চমৎকার শটে জালে পাঠিয়ে দেন রাফিনহা। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৩ ম্যাচে ১৭টি গোল করলেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

বার্সার স্বস্তি অবশ্য বেশিক্ষণ থাকেনি। ছয় মিনিট পর পেনাল্টি থেকে স্পট কিকে সমতা টানেন গুরাসি। এরপর ৭৫তম মিনিটে বার্সাকে ফের এগিয়ে নেন ফেরান। তিন মিনিট পর গুরাসির গোলে আবার সমতা ফেরায় ডর্টমুন্ড। ৮৫তম মিনিটে দারুণ এক পাল্টা আক্রমণে স্কোরলাইন ৩-২ করে বার্সেলোনা। ইয়ামালের চমৎকার পাস ধরে বক্সে ঢুকে ডান পায়ের শটে গোলটি করেন ফেরান।

ম্যাচের একেবারে শেষ মুহূর্তে সমতা ফেরানোর সুযোগ পেলেও কাছ থেকে হেড লক্ষ্যে রাখতে পারেননি নিকো শ্লটারবেক। টানা পাঁচ জয়ে ৬ ম্যাচে বার্সেলোনার ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে বার্সেলোনা। আর ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। অন্য ম্যাচে মোনাকোর বিপক্ষে ঘরের মাঠে ৩-০ গোলে জিতেছে টেবিলের তিনে থাকা আর্সেনাল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত