ঘন কুয়াশার কারণে দীর্ঘ সময় বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। ঘাটে অপেক্ষারত যানবাহনগুলোকে সিরিয়াল অনুযায়ী পার করা হচ্ছে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ফেরি চলাচলের বিষয়টি নিশ্চিত করেন বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) নাসির মোহাম্মদ চৌধুরী।
বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, গতকাল বুধবার সন্ধ্যার পর থেকেই নদীতে কুয়াশার তীব্রতা বাড়তে থাকে। কুয়াশার কারণে চ্যানেলের মার্কিং পয়েন্ট অস্পষ্ট হয়ে গেলে আরিচা-কাজিরহাট নৌপথে ১১টা ৫০ মিনিটের দিকে ফেরি বন্ধ করে দেওয়া হয়। অপরদিকে, একই কারণে রাত ৩টা ১০ মিনিটের দিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথেও ফেরি চলাচল সাময়িক বন্ধ রাখা হয়। আর প্রতিটি নৌপথে দুটি করে মোট চারটি ফেরি মাঝ নদীতে আটকে আছে।
বিআইডব্লিউটিসির উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) নাসির মোহাম্মদ চৌধুরী জানান, দুর্ঘটনা এড়াতে দুটি নৌপথেই ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। কুয়াশার তীব্রতা কমে যাওয়ায় সকাল ১০টা ১৫ থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়। আর ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় থাকা যানবাহনগুলোকে সিরিয়াল অনুযায়ী পার করা হচ্ছে।