‘আওয়ামী লীগ ফিরবে’ মন্তব্য করা ইউএনওকে বহাল রাখতে চায় বিএনপি-জামায়াত

ফরিদপুরের সদরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা আল মামুনের বিরুদ্ধে ‘আওয়ামী লীগ ফিরে আসবে’ মন্তব্য করেছেন বলে অভিযোগ উঠেছে। এই অভিযোগের কারণে তাকে প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেসুর রহমান। এদিকে তাকে স্বপদে বহাল রাখার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সদরপুর উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। আধা ঘণ্টাব্যাপী কর্মসূচিতে উপজেলা বিএনপি ছাড়াও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজি বদিউজ্জামান, তরিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বাহারুল মাতুব্বর ও মো. ইসারতসহ আরো অনেকে। এসময় বক্তরা সদসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুনকে স্বপদে বহাল রাখার দাবি জানান।

গতকাল বুধবার ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ইউএনওর বিরুদ্ধে সিনিয়র সচিবের সামনে এই মন্তব্যের অভিযোগ তোলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আনিসুর রহমান সজল নামের এক প্রতিনিধি  তার অভিযোগের প্রেক্ষিতে সিনিয়র সচিব তাৎক্ষণিক ইউএনওকে প্রত্যাহারের ঘোষণা দিয়ে বলেন, আজকের মধ্যে এই ইউএনও বদলি হবে এবং আমি আগামীকাল মন্ত্রণালয়ে ফিরে গিয়ে তাকে সাসপেনশন করব।