মমর কারণে আমেরিকা গেছেন জায়েদ খান!

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৪, ১২:১০ এএম

চিত্রনায়ক জায়েদ খান থাকেন নিউ ইয়র্কে। গেছেন বেশ কিছুদিন আগেই। তবে সহসাই তিনি ফিরছেন না। কেন যুক্তরাষ্ট্রে গেলেন? গতকাল রাজধানীর একটি সিনেপ্লেক্সে অনেকেই বলছিলেন জায়েদ খান নাকি অভিনেত্রী মমর কারণে যুক্তরাষ্ট্রে চলে গেছেন। মহাখালীর এসকেএস টাওয়ার শপিং মলের বাইরেও গতরাতে অনেকের মুখে শোনা যায় জায়েদ খান মমর কারণেই দেশ ছেড়েছেন, গেছেন যুক্তরাষ্ট্রে।

আসলেই কি তাই? এ বিষয়ে জায়েদ খানের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হয়। তাকে প্রশ্ন করা হয়েছিল, আপনি যুক্তরাষ্ট্রে কেন গিয়েছেন? তার সহজ উত্তর শো করতে গেছেন। এও জানালেন যে তিনি এখন নতুন একটি টকশো উপস্থাপনা করছেন। তাকে বললাম, সেটা তো জানি। এটার সংবাদ, সাক্ষাৎকার সবই তো হয়েছে। কিন্তু আসল কাহিনি কী? তাকে আরেকটু পরিষ্কার করে জানতে চাওয়া হয় অভিনেত্রী মমর সঙ্গে কী হয়েছিল? এ সময় ঢাকাই চলচ্চিত্রের এই অভিনেতা হেসে ফেলেন। 

জায়েদ খান একটু থেমে বললেন, বুঝেছি কী বলতে চাচ্ছেন। আসলে মোস্তফা সরয়ার ফারুকীর আসন্ন চলচ্চিত্র ৮৪০ এ আমার স্ত্রী থাকবেন অভিনেত্রী জাকিয়া বারী মম। তিনি একজন জেলা প্রশাসক (ডিসি)। তার নাম ভাঙিয়েই আমি চলি। শহরে আমার একটা পরিচিতি তৈরি হয়ে যায়, মানুষজন আমাকে ভয় পায়। আমার স্ত্রী আবার এসব নিতে পারে না। তার সঙ্গে ঝামেলা হয়। আর এ কারণেই আমি আমেরিকা চলে আসি- এটা স্ক্রিনের ঘটনা। 

বোঝা গেছে বিষয়টা। তবে জায়েদ খান এটার সঙ্গে আরো যুক্ত করতে চান। তিনি বলেন, ঢাকার বাইরে ভারতীয় সীমান্ত ঘেঁষা একটা অঞ্চলে এই সিনেমার কাহিনী গড়ে উঠেছে। এই সিনেমার একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছি। যারা আমাকে নিয়ে সমালোচনা করেন, করছেন- তাদের বলবো ছবিটা দেখেন। এরপর আরেকবার জায়েদ খানকে নিয়ে মন্তব্য করেন।

২০০৭ সালে ধারাবাহিক নাটক ‘৪২০’ নির্মাণ করে খ্যাতি পেয়েছিলেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। ১৭ বছর পর ‘৮৪০’ নিয়ে এলেন তিনি। ছবিটি ১৩ ডিসেম্বরে মুক্তি পাচ্ছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত