বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা আমির খান এবং কারিনা কাপুর অভিনীত ‘লাল সিং চাড্ডা’ ছিল ২০২২ সালের বহুল প্রতীক্ষিত ছবি। হলিউডের অস্কারজয়ী চলচ্চিত্র ‘ফরেস্ট গাম্প’-এর অফিসিয়াল রিমেক হিসেবে তৈরি এই ছবিটি দর্শকদের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়।
প্রায় ১৮০ কোটি রুপি বাজেটে নির্মিত এই ছবিটি ভারতে মাত্র ৬১ কোটি রুপি আয় করে এবং বিশ্বব্যাপী আয় ছিল ১৩৩ কোটি রুপি। ছবির ব্যর্থতার পরে প্রায় এক বছর বলিউডের আলো থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন আমির। অভিনয় থেকেও বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।
সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে কারিনা কাপুর জানান, ছবির ব্যর্থতায় আমির খান ভীষণভাবে ভেঙে পড়েছিলেন এবং তার কাছে দুঃখ প্রকাশ করেছিলেন। কারিনা বলেন, ‘আমির আমাকে বলেছিলেন, সিনেমা চলেনি আমাদের, তুমি আমার সঙ্গে কথা বলবে তো?’
আমিরের এমন কথা শুনে বিস্মিত হয়ে কারিনা বলেছিলেন, ‘আমরা অভিনেতা, আমি গর্বিত যে আপনি আমাকে রূপার চরিত্র দিয়েছিলেন। এই চরিত্রটি আমাকে এমন কিছু দিয়েছে, যা একটি ‘সিংহাম এগেইন’-এ সম্ভব নয়।’
কারিনা কাপুরের মতে, ‘লাল সিং চাড্ডা’ ছিল হৃদয় দিয়ে নির্মিত একটি চলচ্চিত্র। তিনি বলেন, ‘এই চরিত্রটি ছিল খুবই সুন্দর। আমরা কখনোই ভাবিনি এই ছবি ৫০০ কোটি আয় করবে। এটি সম্পূর্ণ ভালোবাসা এবং আন্তরিকতা দিয়ে তৈরি করা হয়েছিল।’
অন্যদিকে, কারিনা কাপুরের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘সিংহম এগেইন’ বক্স অফিসে ব্যাপক সফলতা অর্জন করেছে। এই ছবিতে তিনি অজয় দেবগন, দীপিকা পাড়ুকোন, টাইগার শ্রফ, রণবীর সিং, অক্ষয় কুমার এবং অর্জুন কাপুরের সঙ্গে অভিনয় করেছেন। রোহিত শেঠি পরিচালিত এই অ্যাকশন থ্রিলারটি ভারতে প্রায় ২৫০ কোটি রুপি এবং বিশ্বব্যাপী ৩৭০ কোটি রুপি আয় করেছে।
‘লাল সিং চাড্ডা’র ব্যর্থতার পরেও কারিনা কাপুর এই ছবির চরিত্র এবং অভিজ্ঞতাকে তার ক্যারিয়ারের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে দেখছেন। অন্যদিকে মিস্টার পারফেকশনিস্ট আমির কাজ করছেন তার পরবর্তী সিনেমা ‘সিতারে জামিন পার’ নিয়ে।