ই-সিগারেট আমদানি নিষিদ্ধ হচ্ছে

জনস্বাস্থ্য সুরক্ষায় দেশে ই-সিগারেট বা ইলেকট্রনিক নিকোটিন ডেলিভারি সিস্টেম (ইএনডিএস) সংশ্লিষ্ট সব পণ্যের আমদানি বন্ধের উদ্যোগ নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে বাণিজ্য মন্ত্রণালয়ের আমদানি নীতি আদেশে আমদানি নিষিদ্ধ পণ্যের তালিকায় ই-সিগারেট অন্তর্ভুক্ত করার প্রস্তাব অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।

গতকাল বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। পরে মন্ত্রিপরিষদ বিভাগ সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানায়।

ই-সিগারেট আমদানি নিষিদ্ধের বিষয়টির উদ্যোক্তা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ। তাদের পক্ষ থেকে বলা হয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ রাখার লক্ষ্যে ই-সিগারেট সংশ্লিষ্ট সব পণ্যের আমদানি নিষিদ্ধ করার বিষয়ে জরুরি ব্যবস্থা নেওয়া প্রয়োজন। ওই প্রস্তাবটি আমলে নিয়ে ই-সিগারেট আমদানি নিষিদ্ধ করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বৈঠকে ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৪’-এর খসড়া উপস্থাপন করা হয়। তারপরও খসড়াটি চূড়ান্ত অনুমোদনের জন্য পুনরায় উপস্থাপন করতে হবে, বলে সিদ্ধান্ত হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, ‘এশিয়া কাপ-২০২৪’-এ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলসহ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সংশ্লিষ্ট সবাইকে উপদেষ্টা পরিষদ অভিনন্দন জানিয়েছে।