ময়মনসিংহের ভালুকায় স্বামী-স্ত্রীসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার রাতে উপজেলার হবিরবারি ইউনিয়নের জামিরদিয়া মাস্টারবাড়ি ও কাশড় এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। মৃতরা হলেন দিনাজপুরের বিরল থানার খাভারাগাছি গ্রামের আবদুর রশিদের ছেলে মফিজুর রহমান (২৪), তার স্ত্রী রেহেনা আক্তার নূপুর (২২) ও কিশোরগঞ্জের শোলাকিয়া এলাকার আবুল হোসেনের মেয়ে সোনালি আক্তার।
ভালুকা মডেল থানা সূত্রে জানা যায়, উপজেলার জামিরদিয়া মাস্টারবাড়ি এলাকায় ভাড়া বাসায় থাকতেন মফিজুর রহমান ও তার স্ত্রী রেহেনা আক্তার। ঘটনার দিন তারা কাজে যাননি। পরে বুধবার সন্ধ্যার দিকে স্থানীয়রা জানালার ফাঁক দিয়ে ওই বাসার ফ্যানের সঙ্গে দুটি লাশ ঝুলতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, আর্থিক সংকটের কারণে স্বামী-স্ত্রী আত্মহত্যা করেছেন। একই দিন কাশড় এলাকা থেকে সোনালি আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তিনি স্বামীর সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।